বিমানবন্দরের বাইরে 'হামলার' শিকার! দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্পিকারকে চিঠি সৌগত রায়ের

কলকাতা বিমানবন্দরের অ্যাডভাইজরি কমিটির সভাপতি সৌগত রায়। সেই দায়িত্বের সূত্রেই মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের ডাইরেক্টরের অফিসে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। বিমানবন্দর চত্বরে তাঁর গাড়ি পৌঁছনোর পরই পরিস্থিতি বদলে যায়।

Aug 19, 2026 - 11:51
0 0
বিমানবন্দরের বাইরে 'হামলার' শিকার! দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্পিকারকে চিঠি সৌগত রায়ের

মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের বাইরে বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ (কালীঘাটপন্থী) সৌগত রায় (Sougata Roy)। বিমানবন্দরে একটি সরকারি বৈঠকে যোগ দিতে এলে তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান এক দল উত্তেজিত মানুষ। অভিযোগ, বিক্ষোভকারীরা সৌগত রায়কে লক্ষ্য করে ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দেন। হাতে ছিল কালো পতাকা। শুধু স্লোগান বা কালো পতাকা দেখানোতেই বিক্ষোভ থামেনি, তাঁর গাড়িতে ধাক্কা দেওয়ার পাশাপাশি জুতো দিয়েও গাড়িতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনার পরই বিষয়টি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) দ্বারস্থ হয়েছেন সৌগত রায়। বিজেপির দুই বিধায়ক অরিজিৎ বক্সী এবং সৌরভ শিকদারের বিরুদ্ধে স্পিকারের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। তৃণমূল সাংসদের দাবি, দুই বিধায়কের উপস্থিতিতেই এই বিক্ষোভের ঘটনা ঘটেছে এবং তাঁদের প্রত্যক্ষ সমর্থনও ছিল। সেই কারণে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সৌগত। একই সঙ্গে ঘটনাটিকে স্বাধিকার ভঙ্গের বিষয় হিসেবেও দেখছেন তিনি।

কলকাতা বিমানবন্দরের অ্যাডভাইজরি কমিটির সভাপতি সৌগত রায়। সেই দায়িত্বের সূত্রেই মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের ডাইরেক্টরের অফিসে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। বিমানবন্দর চত্বরে তাঁর গাড়ি পৌঁছনোর পরই পরিস্থিতি বদলে যায়। এক দল মানুষ গাড়িটি ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। তাঁদের হাতে কালো পতাকা ছিল। সৌগত রায়কে লক্ষ্য করে একের পর এক ‘গো ব্যাক’ এবং ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।

ঘটনার পর পুরো বিষয়টির জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন সৌগত রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি বৈঠকে যোগ দিতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তিনি ভাবতে পারেননি। তাঁর দাবি, বিক্ষোভকারীরা সকলেই বিজেপির লোক।

তৃণমূল সাংসদের বক্তব্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় বিজেপির দুই বিধায়ক অরিজিৎ বক্সী এবং সৌরভ শিকদারের ভূমিকা রয়েছে। তাঁদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। শুধু উপস্থিত থাকার অভিযোগ নয়, এই বিক্ষোভে তাঁদের সমর্থনও ছিল বলে দাবি সৌগতের। সেই কারণেই বিষয়টি লোকসভার স্পিকারের কাছে জানিয়ে অভিযুক্ত দুই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি।

রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-কর্মীদের ঘিরে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। কখনও ‘চোর চোর’ স্লোগান, কখনও আবার উত্তেজিত জনতার তরফে ডিম ছোড়ার মতো ঘটনাও ঘটেছে। রাজনৈতিক কর্মসূচি কিংবা বিভিন্ন এলাকায় যাওয়ার সময় তৃণমূলের নেতা-কর্মীদের এমন বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে মঙ্গলবারের বিক্ষোভের নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। কেন ওই বিক্ষোভ হয়েছিল, কী কারণে তাঁকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়েছিল, তা নিয়ে এখনও কোনও পরিষ্কার তথ্য সামনে আসেনি। বিক্ষোভের পিছনে ঠিক কারা ছিলেন এবং তাঁদের সঙ্গে বিজেপির দুই বিধায়কের কী ধরনের যোগ ছিল, সেই বিষয়টিও অভিযোগের স্তরেই রয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User