বিশ্বমঞ্চের আগেই ঘরোয়া আসরে বদল! ব্যাডমিন্টনে ২১-এর পরিবর্তে ১৫ পয়েন্টের ছকে শান দিচ্ছে ভারত

ব্যাডমিন্টনে বিশ্বজুড়ে ২১ পয়েন্টের নিয়মে বদল আসছে আগামী বছর। তবে ভারতীয় শাটলারদের আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করতে এখন থেকেই ১৫ পয়েন্টের নতুন নিয়ম চালু করল ফেডারেশন।

Jul 03, 2026 - 13:10
0 0
বিশ্বমঞ্চের আগেই ঘরোয়া আসরে বদল! ব্যাডমিন্টনে ২১-এর পরিবর্তে ১৫ পয়েন্টের ছকে শান দিচ্ছে ভারত

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ব্যাডমিন্টনের নিয়মে আগামী বছর থেকে বড়সড় রদবদল আসতে চলেছে। আর সেই নতুন ফরমানের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের মানিয়ে নিতে ছ'মাস আগে থেকেই ঘরোয়া সার্কিটে তা চালু করে দিল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা বাই (Badminton Association of India)।

২০২৭ সালের জানুয়ারিতে দুনিয়াজুড়ে আন্তর্জাতিকভাবে নতুন '৩x১৫' পয়েন্টের নিয়ম (BWF 3x15 Scoring System) চালু করবে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। কিন্তু ভারতীয় শাটলাররা যাতে আচমকা এই নয়া নিয়মের ধাক্কায় সমস্যায় না পড়েন, তার জন্য এখন থেকেই শুরু হয়ে গেল প্রস্তুতি। আগামী ৭ থেকে ১৪ জুলাই এর্নাকুলামে আয়োজিত সর্বভারতীয় সিনিয়র র‍্যাঙ্কিং টুর্নামেন্টে প্রথমবারের জন্য এই নতুন ফরম্যাটে খেলা হবে। অনূর্ধ্ব-১১ থেকে শুরু করে সিনিয়র এবং মাস্টার্স ন্যাশনাল—সব স্তরেই তা চালু হচ্ছে (Indian Badminton Players)।

ধাক্কা সামলানোর আগাম প্রস্তুতি

আন্তর্জাতিক স্তরে চালু হওয়ার আগেই হঠাৎ কেন ভারতে এই নিয়ম আনা হচ্ছে? বাই-এর সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র এর কারণ ব্যাখ্যা করে জানান, খেলোয়াড়রা যাতে নতুন নিয়মের সঙ্গে আগেই সড়গড় হয়ে উঠতে পারেন, সেটাই মূল লক্ষ্য। তাঁর কথায়, 'সব বয়সভিত্তিক স্তরের খেলোয়াড় যাতে সংশোধিত স্কোরিং নিয়মের সঙ্গে পরিচিত হয়ে প্রতিযোগিতায় মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি করতে পারে, তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত। এর ফলে আন্তর্জাতিক স্তরে যখন এই নিয়ম চালু হবে, তখন আমাদের খেলোয়াড়রা মসৃণভাবে মানিয়ে নিতে পারবে।'

ঠিক কী কী বদলাল?

সাধারণ ব্যাডমিন্টন দর্শকদের কাছে নিয়মটা একটু সহজ করে বলা যাক।

আগে যেমন ২১ পয়েন্টে এক-একটি গেম শেষ হত, এখন তা কমে ১৫ পয়েন্টে দাঁড়াবে। খেলা আগের মতোই বেস্ট-অফ-থ্রি অর্থাৎ তিন গেমের হবে। তবে পয়েন্টের লড়াইয়ে সমতা এলে নিয়ম বেশ কড়া। ১৪-১৪ পয়েন্টে খেলা ড্র হলে, জিততে গেলে দুই পয়েন্টের ব্যবধান রাখা জরুরি। আর হাড্ডাহাড্ডি লড়াই যদি ২০-২০ পয়েন্টে পৌঁছায়, তখন 'সাডেন ডেথ' বা মরণবাঁচন লড়াই শুরু হবে, যেখানে খেলা সর্বোচ্চ ২১ পয়েন্টে গিয়ে শেষ হবে।

মাঝপথে বিরতির নিয়মেও বদল এসেছে। আগে ১১ পয়েন্টে ব্রেক দেওয়া হত, এখন তা নেমে আসবে ৮ পয়েন্টে। তৃতীয় বা নির্ধারক গেমে ৮ পয়েন্ট হলে ৬০ সেকেন্ডের বিরতি মিলবে এবং কোর্টের দিক বদল করবেন খেলোয়াড়রা। তবে দুটি গেমের মধ্যে ১২০ সেকেন্ডের যে মূল বিরতি থাকে, তাতে কোনও ছেদ পড়েনি (Sports News in Bengali)।

বিশ্বজুড়ে নতুন নিয়ম চালুর আসল কারণ

বিশ্ব ব্যাডমিন্টন নিয়ামক সংস্থা হঠাৎ করে এই পুরনো ২১ পয়েন্টের কাঠামো সরিয়ে দিচ্ছে কেন? এর পিছনে মূলত তিনটি কারণ রয়েছে।

প্রথমত, ২১ পয়েন্টের গেমে ৭ থেকে ১৪ পয়েন্টের মধ্যে একটা ঢিলেঢালা সময় থাকে, যখন খেলোয়াড়রা শক্তি বাঁচাতে একটু মন্থর গতি বেছে নেয়। লক্ষ্যমাত্রা ১৫ হয়ে যাওয়ায় এখন শুরু থেকেই প্রচণ্ড আগ্রাসী মেজাজে খেলতে হবে।

দ্বিতীয়ত, দীর্ঘ ৯০ মিনিটের লড়াই অনেক সময় টিভির পর্দায় বা সরাসরি সম্প্রচারে সমস্যা তৈরি করে। পয়েন্ট কমে যাওয়ায় ম্যাচগুলো ছোট এবং টানটান হবে, যা দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয়!

আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল খেলোয়াড়দের চোট-আঘাত কমানো। দীর্ঘ ম্যাচে খেলোয়াড়দের হাঁটু ও গোড়ালিতে মারাত্মক চাপ পড়ে। ছোট ম্যাচের ফলে শারীরিক ক্লান্তির বদলে গতি, রিফ্লেক্স এবং কোর্টের মধ্যে ক্ষিপ্রতার উপর বেশি জোর পড়বে। আগামী দিনে ব্যাডমিন্টন হয়ে উঠবে আরও গতিময়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User