বিয়ের কেনাকাটার নামে কেতনের থেকে ১ কোটি টাকা নিয়েছিলেন সিয়া, প্রেমিককে দেন কেরিয়ার গড়তে

পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল খুনের মামলায় সামনে এল সিয়া গোয়াল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরির হাড়হিম করা অপরাধের ছক। পুলিশি তদন্তে জানা গেছে, বিয়ের কেনাকাটার নামে কেতনের থেকে প্রায় ১ কোটি টাকা নিয়ে প্রেমিকের ব্যবসা শুরুর জন্য দিয়েছিলেন সিয়া।

Jun 29, 2026 - 15:24
Updated: 1 month ago
0 0
বিয়ের কেনাকাটার নামে কেতনের থেকে ১ কোটি টাকা নিয়েছিলেন সিয়া, প্রেমিককে দেন কেরিয়ার গড়তে

 পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারীদের দাবি, বিয়ের কেনাকাটার অজুহাতে কেতনের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা নিয়েছিলেন তাঁর বাগদত্তা সিয়া গোয়াল। পরে সেই পুরো টাকাই তুলে দেওয়া হয় সিয়ার প্রেমিক চেতন চৌধুরির হাতে। পুলিশ জানাচ্ছে, কেতনকে সরিয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের জীবন নিয়েও আগেভাগেই বিস্তারিত পরিকল্পনা করে রেখেছিল অভিযুক্ত যুগল।

পুলিশ জানিয়েছে, আর্থিকভাবে দুর্বল পরিবারের ছেলে চেতন চৌধুরি সিয়াকে জানিয়েছিল, নিজের ব্যবসা ও কেরিয়ার গুছিয়ে নিতে অন্তত তিন বছর সময় প্রয়োজন। সেই কারণেই পরিকল্পনা করা হয়েছিল, কেতনকে হত্যার পর সিয়া তিন বছর বিয়ে করবেন না। এই সময়ের মধ্যে চেতন আর্থিকভাবে প্রতিষ্ঠিত হলে এবং মামলার চর্চা কমে এলে তাঁরা বিয়ে করবেন। তদন্তকারীদের মতে, এতে সিয়ার পরিবারের সন্দেহও এড়ানো সম্ভব হবে বলে মনে করেছিলেন তাঁরা।

বিয়ের খরচের নামে টাকা, পৌঁছল প্রেমিকের হাতে

চেতনকে যে টাকা দেওয়া হয়েছিল, তার তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁদের দাবি, ওই ব্যবসায় টাকা ঢালার জন্যই সিয়া এক কোটি দিয়েছিলেন প্রেমিককে। যে টাকার হিসাব কেতন চেয়েছিলেন কিনা তা জানা যায়নি।

খুব ঠান্ডা মাথায় খুনের ছক কষেছিলেন চেতন-সিয়া। মূলত চেতনই ব্লুপ্রিন্ট তৈরি করেন। লোহাগড় দুর্গে পৌঁছনোর পর নির্জন জায়গায় গিয়ে সিয়া বসে পড়বেন— এটা ছিল পূর্বনির্ধারিত সংকেত। কখনও জলের বোতল বের করা, কখনও জুতোর ফিতে বাঁধার অজুহাতে বসে পড়ার পরিকল্পনা ছিল। সেই ইশারা পেয়েই পিছন থেকে এসে চেতন কেতনকে খাদে ঠেলে দেয়।

কেন শুধুমাত্র বসে পড়াকেই ইঙ্গিত হিসেবে বেছে নেওয়া হল?

তদন্তকারীরা জানতে পেরেছেন, এই সংকেতের পিছনেও ছিল পরিকল্পনা। সিয়া দাঁড়িয়ে থাকলে ধাক্কা খাওয়ার সময় কেতন তাঁকে আঁকড়ে ধরতে পারতেন। তাই নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে বসে পড়ার পরিকল্পনা করেন তিনি।

টোল এড়াতে স্কুটার, খুনের আগে গোপন ফোন

১৮ জুন পুনে থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের লোহাগড় দুর্গে যাওয়ার সময় চেতন ইচ্ছাকৃতভাবে গাড়ির বদলে স্কুটার ব্যবহার করে। তদন্তকারীরা ইতিমধ্যেই সেই স্কুটার বাজেয়াপ্ত করেছেন।

কল ডিটেলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে জানা যায়, ঘটনার মাত্র ৩৪ মিনিট আগে সিয়া তাঁর প্রেমিক চেতনকে একটি ফোন করেন। তদন্তকারীদের মতে, সেটিই ছিল হত্যার আগে চূড়ান্ত সম্মতির বার্তা।

প্রথম চেষ্টা ব্যর্থ, দ্বিতীয় বার সফল

পুলিশের দাবি, মে মাসের শেষ দিকেই খুনের ছক চূড়ান্ত হয়েছিল। ১৪ জুন প্রথমবার কেতনকে খাদে ফেলে দেওয়ার চেষ্টা করেন সিয়া। কিন্তু কেতন একটি ঝোপ আঁকড়ে ধরে প্রাণে বেঁচে যান। তখন সিয়া দাবি করেছিলেন, সাপ দেখে ভয় পেয়ে ভুলবশত  ধাক্কা দিয়ে ফেলেন।

প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ১৮ জুন দ্বিতীয়বার লোহাগড় দুর্গে যান তাঁরা। এবার সিয়ার সঙ্গে ছায়ার মতো পিছন পিছন যায় চেতন। তদন্তকারীদের অভিযোগ, যাতে কোনওভাবেই কেতন প্রাণে বাঁচতে না পারেন, তা নিশ্চিত করতেই এই পরিকল্পনা কার্যকর করা হয়েছিল। এই মামলায় সিয়া গোয়াল ও চেতন চৌধুরিকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

এদিকে, রবিবার কেতনের বাবা বিশাল আগরওয়াল তদন্তে প্রমাণ জোরালো করতে সকলের কাছে মুখ খোলার আবেদন জানিয়েছেন। লোহাগড় দুর্গ পর্যটক কেন্দ্র, তাই সেখানে ১৮ জুন অনেকেই উপস্থিত থাকতে পারেন, যাঁরা গোটা ঘটনার সামান্যও দেখেছেন, তাঁদের এগিয়ে আসার অনুরোধ করেছেন প্রৌঢ়। তাঁর ছেলে বিনা দোষে খুন হয়েছেন, তার যেন বিচার হয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User