মধ্যপ্রদেশের পর এবার দিল্লি! যমুনা সাফাই অভিযানে 'বিট্টু তাবাহি,' ৩ দিনে তুললেন ৫৮৫ কেজি বর্জ্য
আজনার নদী সাফ করে আন্তর্জাতিক প্রশংসা পাওয়া 'বিট্টু তাবাহি' এবার দিল্লির যমুনা নদী পরিষ্কারের অভিযানে। 'ওয়ার্ল্ড ক্লিনআপ ডে'-তে প্রথম দিনেই সরালেন ৫৮৫ কেজি বর্জ্য। পড়ুন বিস্তারিত খবর।
সোশ্যাল মিডিয়ার ডিজিটাল যুগে কনটেন্ট ক্রিয়েটররা যেখানে ভিউ আর লাইকের পিছনে ছোটেন, সেখানে সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টান্ত তৈরি করেছেন মধ্যপ্রদেশের সুরেন্দ্র সিং চৌধুরী (Surendra Singh Choudhary)। যাকে বিশ্ব চেনে ‘বিট্টু তাবাহি’ (Bittu Tabahi) নামে। মধ্যপ্রদেশের আজনার নদী পরিষ্কার করে সম্প্রতি বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছিলেন তিনি। আন্তর্জাতিক খ্যাতি পাওয়ার পাশাপাশি নেদারল্যান্ডের পরিবেশ সংস্থা ‘দ্য ওশেন ক্লিনআপ’-এর সিইও বোয়ান স্লাটের থেকে কাজের সুযোগও পেয়েছেন। তবে জনপ্রিয়তার জোয়ারে ভেসে না গিয়ে তিনি ফের নেমে পড়েছেন ময়দানে। এবার তাঁর নতুন মিশন- দেশের রাজধানী দিল্লির যমুনা নদী পরিষ্কার করা (Yamuna River Cleanup)।
২০ সেপ্টেম্বর , বিশ্ব পরিবেশ পরিচ্ছন্নতা দিবস বা ‘ওয়ার্ল্ড ক্লিনআপ ডে’ (World Cleanup Day) উপলক্ষে তিন দিনের নদী সাফাই অভিযান শুরু করেছেন বিট্টু। অভিযানের প্রথম দিনেই এক দল স্বেচ্ছাসেবীকে সঙ্গে নিয়ে দিল্লির যমুনা ঘাট থেকে প্রায় ৫৮৫ কেজি বর্জ্য তুলে ফেলেছেন তিনি। পরে ইনস্টাগ্রামে সেই কাজের একটি ভিডিও (Bittu Tabahi Instagram Video) শেয়ার করে এই সাফল্যের কথা জানান বিট্টু।
ভিডিওটির ক্যাপশনে আবেগঘন বার্তা দিয়ে বিট্টু লেখেন, “বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে সাড়ে চার ঘণ্টার টানা পরিশ্রমে যমুনার ঘাট থেকে ৫৮৫ কেজি আবর্জনা সরানো হয়েছে। প্লাস্টিকের বর্জ্য, নষ্ট হয়ে যাওয়া ফুল, হার আর পুজোর নানা সামগ্রী ঘাটে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। স্থানীয় মানুষ এগিয়ে এসে হাত না বাড়ালে এটা সম্ভব হত না। যারা সাহায্য করেছেন, তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ।” সেই সঙ্গে তিনি এ-ও স্পষ্ট করেন যে, পুরো দেশজুড়ে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই তাঁর জীবনের প্রধান লক্ষ্য।
বিট্টুর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিন লাখেরও বেশি মানুষ এটি দেখে ফেলেন। নেটিজেনরা বিট্টুর এই নিঃস্বার্থ প্রচেষ্টার প্রশংসায় পঞ্চমুখ। কেউ লিখেছেন, “তুমি প্রমাণ করে দিলে যে একলা মানুষও পরিবেশের জন্য বিশাল পরিবর্তন আনতে পারে।” কেউ আবার তাঁকে নিজের শারীরিক সুরক্ষার জন্য সাফাইয়ের সময় পিপিই (PPE) কিট ও গ্লাভস ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
দিল্লির যমুনা দিয়ে মিশন শুরু হলেও থামছেন না বিট্টু তাবাহি। তিনি জানিয়েছেন, যমুনা সাফ করার পর তাঁর পরবর্তী গন্তব্য হতে চলেছে গুরুগ্রামের খেড়কি দৌলা। নিজের নিষ্ঠা আর কাজের মাধ্যমে সত্যিই পরিবেশ সচেতনতার এক নতুন দিশা দেখাচ্ছেন বিট্টু।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)