মাতৃহারা রানি, ৭৫ বছর বয়সে প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায়

মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে যশরাজ ফিল্মস। সেখানে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরেই প্রয়াত হয়েছেন কৃষ্ণা। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Sep 22, 2026 - 18:15
0 0

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherjee mother Death) পরিবারে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেত্রীর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। যশরাজ ফিল্মসের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও পরিবারের তরফে জানানো হয়নি।

মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে যশরাজ ফিল্মস। সেখানে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরেই প্রয়াত হয়েছেন কৃষ্ণা। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। শোকের মুহূর্তে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করারও আবেদন জানানো হয়েছে।

কৃষ্ণা মুখোপাধ্যায়কে মেয়ের সঙ্গে একাধিকবার প্রকাশ্যে দেখা গিয়েছে। রানির বিভিন্ন অনুষ্ঠানেও তাঁকে পাশে থাকতে দেখা যেত। দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন অভিনেত্রীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ। মায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিভিন্ন সময়ে প্রকাশ্যেও বলেছেন রানি।

শুধু রানির মা হিসেবেই নয়, বাংলা বিনোদন জগতের সঙ্গেও যোগ ছিল কৃষ্ণার। বাংলার অভিনেত্রী দেবশ্রী রায়ের বোন তিনি। পাশাপাশি বাংলা ছবির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি প্লেব্যাক গায়িকা হিসেবেও কাজ করেছেন। ফলে শিল্পজগতের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বহুদিনের।

মায়ের প্রয়াণে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন রানি এবং তাঁর পরিবার। এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, এই শোকের সময়ে যাঁরা তাঁদের প্রতি ভালবাসা, প্রার্থনা এবং সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতি তাঁরা কৃতজ্ঞ।

অন্য দিকে, কাজের দিক থেকে রানি মুখোপাধ্যায়কে শেষ বার দেখা গিয়েছে ‘মর্দানি ৩’ ছবিতে। ২০২৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে ফের তাঁকে শিবানী শিবাজি রায়ের চরিত্রে দেখা যায়। ‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’, ‘ব্ল্যাক’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দীর্ঘদিন ধরেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User