রিংয়ে আর দেখা যাবে না ‘বিস্ট’কে! ওবার কাছে হেরে পেশাদার কুস্তিকে চিরবিদায় ব্রক লেসনারের

ডব্লিউডব্লিউই (WWE) রিংয়ে আর দেখা যাবে না ব্রক লেসনারকে। সামারস্ল্যামে ওবা ফেমির কাছে হারের পরেই অবসরের ঘোষণা করলেন 'বিস্ট'। পড়ুুন বিস্তারিত।

Aug 05, 2026 - 18:08
0 0
রিংয়ে আর দেখা যাবে না ‘বিস্ট’কে! ওবার কাছে হেরে পেশাদার কুস্তিকে চিরবিদায় ব্রক লেসনারের

পেশাদার কুস্তির দুনিয়ায় বড় চমক। আর রিংয়ে নামবেন না ব্রক লেসনার (Brock Lesnar)। ১ অগস্ট সামারস্ল্যামের মঞ্চে নাইজেরিয়ার তরুণ তারকা ওবা ফেমির কাছে পরাস্ত হতেই রেসলিং থেকে পাকাপাকিভাবে অবসরের ঘোষণা করলেন। ৪৯ বছর বয়সি এই তারকা ডব্লিউডব্লিউই-র (WWE) অন্যতম বড় মুখ। একইসঙ্গে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (UFC) এবং নিউ জাপান প্রো রেসলিংয়েও (NJPW) দাপট দেখিয়েছেন। মঙ্গলবার ইএসপিএন-কে দেওয়া সাক্ষাৎকারে 'দ্য প্যাট ম্যাকাফি শো'-তে নিজের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন লেসনার।

তরুণ তুর্কির কাছে হার ও সম্মান

ওই অনুষ্ঠানে লেসনার স্পষ্ট জানান, ওবা ফেমির (Oba Femi) বিরুদ্ধে লড়াই তাঁর কেরিয়ারের শেষ লড়াই। গত এপ্রিলে রেসলম্যানিয়া ৪২-এ হারের পর তিনি অবসরের কথা ভেবেছিলেন। রিংয়ে নিজের গ্লাভস ও বুট খুলেও রাখেন। এরপর ফের কামব্যাক করেন। মে মাসে ইতালিতে আয়োজিত 'ক্ল্যাশ ইন ইতালি'-তে ২৮ বছর বয়সি ওবাকে হারান তিনি। তবে 'সামারস্ল্যাম'-এর (SummerSlam) 'হেল ইন আ সেল' ম্যাচে শেষরক্ষা হয়নি। তরুণ তারকার কাছে পরাস্ত হন। ম্যাচ শেষে ওবার হাত তুলে ধরেন। জানান সম্মান। ওবাকে ডব্লিউডব্লিউই-র 'ভবিষ্যৎ' এবং নিজেকে 'অতীত' বলেও উল্লেখ করেন লেসনার।

প্যাট ম্যাকাফি শো-তে ঘোষণা

অনুষ্ঠানে লেসনারের মন্তব্য, 'আজ দুনিয়াকে জানাতে এসেছি যে, আমি অবসর নিচ্ছি।' শনিবারের ম্যাচ নিয়ে বলেন, 'দিনটা আমার জন্য খুব আবেগময়। রেসলম্যানিয়ায় ওবা যখন আমাকে আছড়ে ফেলে, তখনই ভেবেছিলাম আর পারব না। সময় শেষ। কিন্তু ব্যবসার তাগিদে ফিরতে হয়। আমার মধ্যে তখনও কিছুটা জ্বালানি বেঁচে ছিল।' এরপর যোগ করেন, 'ব্রক লেসনারের জন্য শনিবারের ম্যাচটাই শেষ। রিং এবং অন্যান্য সবকিছুর জন্যই এটাই আমার শেষ লড়াই।'

বর্ণময় কেরিয়ার ও রেকর্ড

২০০০ সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের হয়ে এনসিএএ ডিভিশন ১ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতেন। এরপর পেশাদার কুস্তিতে পা রাখেন। ২০০২ সালে ডোয়েন 'দ্য রক' জনসনকে হারিয়ে প্রথমবার খেতাব জেতেন (WWE Championship)। মোট ১০ বার এই ট্রফি জিতেছেন। ২০০৩ এবং ২০২২ সালে জেতেন 'রয়্যাল রাম্বল'। ২০০২-এ 'কিং অফ দ্য রিং' এবং ২০১৯-এ 'মানি ইন দ্য ব্যাংক' জেতেন।

২০০৪ সালে রেসলিং ছেড়ে কিছুদিনের জন্য ন্যাশনাল ফুটবল লিগে (NFL) যোগ দেন। ২০০৭-এ এমএমএ-তে (MMA)। ২০০৮ সালে ইউএফসি হেভিওয়েট খেতাব জেতেন লেসনার।

আন্ডারটেকারের সাম্রাজ্য পতন ও সুপ্লেক্স সিটি

২০১২ সালে ফের কুস্তিতে ফেরেন। ২০১৪ সালের রেসলম্যানিয়া ৩০-এ এক ঐতিহাসিক কাণ্ড ঘটান লেসনার। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দ্য আন্ডারটেকারকে (The Undertaker) হারিয়ে তাঁর ২১-০ ব্যবধানের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে চুরমার করেন। ২০১৫ সালে এমএমএ থেকে অবসর নিলেও ২০১৬ সালে একটি ম্যাচের জন্য ফিরেছিলেন।

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ডব্লিউডব্লিউই-তে তাঁর শেষ অধ্যায়। এই সময়ে প্রতিপক্ষকে একের পর এক জার্মান সুপ্লেক্স দিয়ে 'সুপ্লেক্স সিটি'-তে (Suplex City) পাঠানোর রীতি জনপ্রিয় করেন।

নতুন প্রজন্মের প্রতি বার্তা

নিজের কেরিয়ার নিয়ে লেসনার, 'আমি সাউথ ডাকোটার এক সাধারণ কৃষক পরিবারের ছেলে ছিলাম। চোখে বড় স্বপ্ন আর মনে জেদ ছিল। ৪৯ বছর বয়সে দাঁড়িয়ে জীবনে যা যা করতে পেরেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। ঈশ্বর ও সব সমর্থকদের ধন্যবাদ জানাই।' ছোটদের উদ্দেশে তাঁর বার্তা, 'সোশ্যাল মিডিয়ায় অ্যাথলিটদের দেখে অনেকেই তাদের পিছনের কঠোর পরিশ্রমটা ভুলে যায়। কাজে মন দিলে এবং সময় দিলে ভাল কিছু অবশ্যই ঘটবে।'

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User