‘হোম স্টে, ট্যুর অপারেটরদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক’, নতুন পর্যটন নীতির রূপরেখা দিলেন মন্ত্রী

রাজ্যের পর্যটনকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে ‘চা বাগানে থাকুন’ (Stay in Tea Garden) শীর্ষক একটি নতুন ভাবনার কথা জানান মন্ত্রী। মূলত ‘হাই-এন্ড’ বা বিলাসবহুল পর্যটকদের আকর্ষণ করতে চা-বাগানের ঐতিহ্যবাহী বাংলো এলাকাগুলিতে থাকার বিশেষ ব্যবস্থা ও চুক্তি করা হচ্ছে।

Aug 18, 2026 - 16:32
0 0
‘হোম স্টে, ট্যুর অপারেটরদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক’, নতুন পর্যটন নীতির রূপরেখা দিলেন মন্ত্রী

এতদিন অবহেলিত হয়ে পড়ে থাকলেও আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হতে চলেছে পর্যটন দফতর - মঙ্গলবার এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। পর্যটনকে পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা দিয়ে একটি সুনির্দিষ্ট এবং পর্যটন-ভিত্তিক শিল্পনীতি তৈরির কাজ পুরোদমে চলছে। রাজ্য সরকার শীঘ্রই যে সামগ্রিক শিল্পনীতি প্রকাশ করতে চলেছে, সেখানে এই পর্যটন ক্ষেত্র অন্যতম মুখ্য ভূমিকা নেবে বলে জানান মন্ত্রী।

রাজ্যের পর্যটনকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে ‘চা বাগানে থাকুন’ (Stay in Tea Garden) শীর্ষক একটি নতুন ভাবনার কথা জানান মন্ত্রী। মূলত ‘হাই-এন্ড’ বা বিলাসবহুল পর্যটকদের আকর্ষণ করতে চা-বাগানের ঐতিহ্যবাহী বাংলো এলাকাগুলিতে থাকার বিশেষ ব্যবস্থা ও চুক্তি করা হচ্ছে।

পর্যটন দফতরের একগুচ্ছ নতুন প্রকল্প ও ঘোষণা

সার্কিট ও সুনির্দিষ্ট গন্তব্য: আলিপুরদুয়ার, হুগলি এবং নবদ্বীপের মতো ঐতিহাসিক ও প্রাকৃতিক অঞ্চলগুলিকে কেন্দ্র করে বিশেষ পর্যটন সার্কিট গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি সুন্দরবনকে দ্বিতীয় ‘গ্লোবাল ডেস্টিনেশন’ হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক: রাজ্যের হোম-স্টে, ট্যুর অপারেটর এবং ট্যুরিস্ট বাস অপারেটরদের জন্য ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় মোবাইল অ্যাপ তৈরির কাজ শেষ, দ্রুত তা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে।

উৎসব ও বিপণন: আগামী ১৭ সেপ্টেম্বর কলকাতার গড়ের মাঠে ঘুড়ি ও বেলুন উৎসবের আয়োজন করা হচ্ছে। উত্তরবঙ্গের চাকে বিশ্বের দরবারে ব্র্যান্ডিং করতে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের ম্যালে 'টি ফেস্টিভ্যাল' এবং পাহাড়ি গ্রাম সিটং-এ 'অরেঞ্জ ফেস্টিভ্যাল' পালিত হবে।

ঐতিহ্য ও স্বাস্থ্য পর্যটন: স্বাস্থ্য পর্যটন বা ‘মেডিক্যাল ট্যুরিজম’ প্রসারে পৃথক নীতি আনছে দফতর। এছাড়া বাঙালির ঐতিহ্য ধরে রাখতে বছরের বিশেষ কিছু দিনে দফতরের আধিকারিক ও কর্মীদের জন্য ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বা ‘ড্রেস কোড’ পরা বাধ্যতামূলক থাকবে।

নগরবন ও ক্রীড়া স্পনসরশিপ: বন দফতরের যৌথ উদ্যোগে শিলিগুড়ির উপকণ্ঠে ১৫০ হেক্টর এলাকা জুড়ে ‘নগরবন’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলার টেবিল টেনিস দলকে পর্যটন দফতর স্পনসর করবে এবং ভারতীয় জাতীয় টেবিল টেনিস দলকেও স্পনসর করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হবে।

একই সঙ্গে আগের তৃণমূল জমানায় চা-বাগানের জমি নীতি নিয়ে তীব্র আক্রমণ শানান মন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, লিজ হোল্ড জমি ফ্রি-হোল্ড করার ফলে কীভাবে এবং কাদের মাধ্যমে সেই সরকারি সম্পত্তি হস্তান্তরিত বা বিক্রি হয়ে গেল? তৎকালীন সরকার চা-বাগানের জমি ব্যবহারের সীমা ১৫ শতাংশ থেকে বাড়িয়ে কেন ৩০ শতাংশ করেছিল এবং ফ্রি-হোল্ডের সুযোগ নিয়ে এই বিপুল পরিমাণ জমি হস্তান্তরের পেছনে কী রহস্য রয়েছে - তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বলে জানান শঙ্কর ঘোষ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User