CRPF ছাউনিতে হামলার আগে এলাকায় ঘুরে টার্গেট বাছাই, চেকপোস্টের কাছেই ছিল লস্কর জঙ্গি! সামনে এল ফুটেজ
জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফ ছাউনিতে হামলার আগে এলাকা ঘুরে রেকি করেছিল লস্কর-ই-তইবার দুই জঙ্গি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম, অন্যজনের খোঁজে চলছে তল্লাশি।
জম্মু-কাশ্মীরের কুলগামে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ছাউনিতে হামলার আগে এলাকায় ঘুরে ঘুরে টার্গেট বাছাই করেছিল লস্কর-ই-তইবার দুই জঙ্গি। পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। ফুটেজে দেখা গিয়েছে, লস্করের অন্যতম ওয়ান্টেড জঙ্গি লতিফ ভাট এবং তার সহযোগী উমর নিসার দারকে। গত ১১ নভেম্বর সিআরপিএফের ছাউনিতে হামলার ঠিক আগের দিন দক্ষিণ কাশ্মীরের একাধিক এলাকায় ঘোরাফেরা করেছিল তারা। ওই হামলায় তিন সিআরপিএফ জওয়ান জখম হন। তাঁদের মধ্যে একজন বাংলার ছেলে।
একাধিক এলাকায় ঘুরে লক্ষ্য বাছাই
তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজ বলছে, ১০ নভেম্বর মীরবাজার, আখরান, হাবলিশ এবং কিলাম-সহ কুলগামের বিভিন্ন এলাকায় ঘুরছিল লতিফ ও উমর। নিরাপত্তা বাহিনীর কর্মীদের নিশানা করার জন্য জায়গা চিহ্নিত করছিল তারা বলে তদন্তে উঠে এসেছে। পরের দিনই সিআরপিএফের একটি ছাউনিতে গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালায় দু’জন। হামলার পর পালানোর পথের সিসিটিভি ফুটেজেও একসঙ্গে তাদের দৌড়ে পালাতে দেখা গিয়েছে।
নিখোঁজের অভিযোগ, তদন্তে উঠে আসে জঙ্গি-যোগ
প্রথমে উমরের নিখোঁজ হওয়াকে সাধারণ নিখোঁজের ঘটনা বলেই মনে করা হয়েছিল। ১১ নভেম্বর বাড়ি না ফেরায় কুলগাম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন আরেহ গ্রামের বাসিন্দা উমরের পরিবারের সদস্যরা। পরে জেলার বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, লতিফের সঙ্গে হামলার আগে থেকেই যোগাযোগ ছিল তার।
পুলিশের এক আধিকারিকের দাবি, গত পাঁচ থেকে ছ’মাস ধরে লতিফ ভাটকে আশ্রয় ও অন্যান্য সাহায্য দিয়ে আসছিল উমর। এর আগে পাথর ছোড়ার একটি মামলাতেও তার নাম জড়িয়েছিল। তবে তদন্তকারীদের মতে, সে নতুন করে জঙ্গি দলে যোগ দেয়নি, বরং দীর্ঘদিন ধরেই লস্কর কমান্ডারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিল। ১১ নভেম্বরের হামলার পর সে গ্রামে ফিরে না গিয়ে টিআরএফে যোগ দেয় বলেও তদন্তে জানা গিয়েছে।
সংঘর্ষে মৃত্যু উমরের, খোঁজ লতিফের
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলগামে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ অভিযান শাখা। নিরাপত্তা বাহিনী এগোতেই দুই জঙ্গি একটি আপেল বাগানের পাশের দু’টি স্কুলের দিকে পালিয়ে যায়। স্কুলের পড়ুয়া ও কর্মীদের নিরাপদে সরিয়ে দেওয়ার পর এলাকা ঘিরে শুরু হয় গুলির লড়াই।
গতকাল লারু এলাকায় সংঘর্ষে মৃত্যু হয়েছে উমর নিসার দারের। ঘটনাস্থল থেকে তার দেহ উদ্ধার হয়েছে। তবে প্রাথমিক ঘেরাটোপ ভেঙে পালাতে সক্ষম হয়েছে লতিফ ভাট। তাকে খুঁজে বের করতে সেনা, সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী একাধিক গ্রাম এবং আপেল বাগান ঘিরে তল্লাশি চালাচ্ছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0