Dabur: '১০০% খাঁটি' নয়, ভুয়ো দাবি করে ঠকানো হচ্ছে ক্রেতাদের! ডাবরের ঘি-মধু বিক্রিতে নিষেধাজ্ঞা
'১০০% খাঁটি'র দাবি করে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগ! ডাবরের মধু, ঘি ও অন্যান্য প্রোডাক্ট বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারি করল খাদ্য সুরক্ষা সংস্থা FSSAI।
খাবারের প্যাকেটে ‘১০০ শতাংশ খাঁটি’ বা ‘১০০% অর্গানিক’ লেখা দেখে নিশ্চিন্তে কেনাকাটা করেন? এবার হয়তো একটু ভেবে দেখার সময় এসেছে! নামীদামি ব্র্যান্ড ডাবরের একাধিক প্রোডাক্ট নিয়ে বড়সড় আইনি খাঁড়া নামাল দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ফ্যাসাই (FSSAI)। সংস্থাটি স্পষ্ট করেছে, এ ধরনের বিভ্রান্তিকর ও প্রমাণহীন প্রচার চালিয়ে আর গ্রাহকদের ভুল বোঝানো যাবে না (Dabur honey 100 percent pure claim)। ডাবরের ওয়েবসাইটের বেশ কিছু জনপ্রিয় মধু, ঘি ও অন্যান্য পণ্যের বিক্রি সঙ্গে সঙ্গে বন্ধের নির্দেশ (FSSAI bans Dabur) দেওয়া হয়েছে।
কিসের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ?
FSSAI সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাবর ইন্ডিয়া তাদের ওয়েবসাইট ও প্যাকেটে এমন কিছু বড় বড় দাবি করছে, যার কোনও যথাযথ প্রমাণ তারা দিতে পারেনি। যেমন,
- '১০০ শতাংশ ন্যাচারাল'
- '১০০ শতাংশ পিওর'
- '১০০ শতাংশ অর্গানিক'
- '১০০ শতাংশ টিণ্ডার কোকোনাট ওয়াটার'
নিয়ামক সংস্থার মতে, খাদ্য সুরক্ষা ও মানক (বিজ্ঞাপন ও দাবি) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এই ধরনের ঢালাও ‘১০০%’ দাবি করা পুরোপুরি বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।
FSSAI-এর তদন্তে ডাবরের বেশ কিছু নির্দিষ্ট পণ্যে বড়সড় অসঙ্গতি ধরা পড়েছে:
জৈবিক ভারত লোগোর অপব্যবহার: 'ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার' এবং 'ডাবর অর্গানিক হানি'-র গায়ে বৈধ কোনও অনুমোদন ছাড়াই মেকি 'জৈবিক ভারত' লোগো ব্যবহার করা হচ্ছিল।
মিশ্র খাবারে ভুল দাবি: 'ডাবর হোমমেড কোকোনাট মিল্ক'-এর মতো প্রক্রিয়াজাত খাবারে ‘১০০% পিওরিটি’ দাবি করা হয়েছিল, যা নিয়ম অনুসারে একেবারেই গ্রহণযোগ্য নয়।
এর আগেও ডাবরকে এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও লেবেল বন্ধ করতে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সংস্থাটি কোনও সন্তোষজনক ব্যবস্থা না নেওয়ায় এবার সরাসরি পণ্যগুলির কেনাবেচা বন্ধের নির্দেশ দিল প্রশাসন। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে ডাবরকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ প্রতিবেদন (Action Taken Report) জমা দিতে বলা হয়েছে।
ডাবরের বক্তব্য ও বাজারের চিত্র
FSSAI-এর কড়া আদেশের পর ডাবর ইন্ডিয়া জানিয়েছে, তারা নিয়ামক সংস্থার চিঠি পেয়েছে। তাদের ওয়েবসাইটে উল্লেখিত তথ্য ও লেবেল তারা খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সাম্প্রতিক সময়ে ভোজ্যপণ্য তৈরি করা সংস্থাগুলির বিরুদ্ধে বেশ কড়া অবস্থান নিয়েছে ফ্যাসাই। শুধু ডাবরই নয়, অনলাইনে ভুল তথ্য দিয়ে খাবার বা পানীয় বিক্রি করা একাধিক এনার্জি ড্রিংক ও মদ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)