Exclusive: ‘মহারাজের কাছে আমি কৃতজ্ঞ’, সৌরভের কোন টিপসে ফিট অ্যান্ড ফাইন জয়জিৎ?
কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে গেলেও গত দু’বছরে নিজের লড়াই চালিয়ে গিয়েছেন জয়জিৎ। সেই সময় মানসিক দৃঢ়তা ধরে রাখলেও শরীরে তার প্রভাব পড়েছিল। ওজন বেড়েছিল অনেকটাই। তবে আচমকাই এক সাক্ষাৎ তাঁর জীবন বদলে দেয়।
আজ বাংলার গৌরব সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-এর জন্মদিন। গোটা দেশজুড়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন 'মহারাজ'। বাংলার মানুষের কাছে তিনি শুধু প্রাক্তন ভারত অধিনায়ক নন, বরং ঘরের ছেলে। তাঁর সঙ্গে সাক্ষাৎ বা কয়েক মুহূর্তের কথোপকথনও অনেকের জীবনে বিশেষ স্মৃতি হয়ে রয়েছে। সেই তালিকায় রয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee)-ও।
কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে গেলেও গত দু’বছরে নিজের লড়াই গোপনে চালিয়ে গিয়েছেন জয়জিৎ। সেই সময় মানসিক দৃঢ়তা ধরে রাখলেও শরীরে তার প্রভাব পড়েছিল। ওজন বেড়েছিল অনেকটাই। তবে আচমকাই এক সাক্ষাৎ তাঁর জীবন বদলে দেয়। কীভাবে সেই আলাপ, কী উপদেশ মিলেছিল সৌরভের থেকে, জানতে দ্য ওয়াল জয়জিতের সঙ্গে যোগাযোগ করলে তিনি সবটাই খোলসা করেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় জয়জিতের। অভিনেতার কথায়, তাঁর চেহারা দেখেই সৌরভ প্রশ্ন করেছিলেন। এরপরই অভিনেতাকে বুঝিয়ে বলেন, অভিনয়ের মতো পেশায় ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ। যদিও এ সত্য জয়জিতের অজানা নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে ছিল অনেককিছুই। ফলে দাদা শুধু পরামর্শ দিয়েই থেমে থাকেননি। কীভাবে খাদ্যাভ্যাস বদলাতে হবে, কখন কী খেতে হবে, শরীরচর্চার সঙ্গে কীভাবে নিয়ম মেনে চলতে হবে— সেই নিয়েও বিস্তারিত তথ্য দেন। এমনকি নিজের একটি বিশেষ ডায়েট চার্টও পাঠিয়ে দেন।
এই প্রসঙ্গে জয়জিৎ বলেন, “কোন ডায়েট ফলো করব, কীভাবে নিজেকে বদলাব, সবটাই বুঝিয়ে দিয়েছিলেন দাদা। তাঁর পাঠানো ডায়েট চার্টই আমি মেনে চলি। সেটা অবশ্য প্রকাশ করতে পারব না। তবে এটুকু বলতে পারি, প্রায় ১৫ কেজি ওজন কমিয়েছি। এখন নিজেকে অনেক বেশি ফিট লাগছে। মনোবলও বেড়েছে। মহারাজের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।”
প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি। নতুন উদ্যমে কাজে ফেরার পাশাপাশি ফিটনেস নিয়েও যে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, তা তাঁর কথাতেই স্পষ্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ যে তাঁর জীবনে বড় পরিবর্তনের সূচনা করেছে, তা অকপটেই স্বীকার করেছেন অভিনেতা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)