World Cup 2026: পেলে-মেসিদের রেকর্ড গুঁড়িয়ে দিলেন এমবাপে, রোনাল্ডো তো ত্রিসীমানাতেই নেই
২০২৬ ফিফা বিশ্বকাপে সুইডেনের বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে ৩-০ গোলে জিতল ফ্রান্স। ম্যাচে অনবদ্য জোড়া গোল করে ফুটবল ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে।
বিশ্বকাপে রেকর্ডেরও আয়ু থাকে। কোনওটা মেয়াদ দশ বছর, কোনওটার কুড়ি। আবার কিছু রেকর্ড থাকে, যেগুলো দেখে মনে হয়—এ আর ভাঙবে না। তারপর মাঠে নামেন কিলিয়ান এমবাপে। মিনিট কয়েকের মধ্যে বোঝান, ফুটবলের অভিধানে 'চিরস্থায়ী' বলে কোনও শব্দ নেই।
সুইডেনের বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে ফ্রান্স জিতেছে ৩-০। স্কোরলাইন যতটা নজর কাড়ছে, তার চেয়েও বেশি আলো টেনে নিল এমবাপের জোড়া গোল। বিশ্বকাপে তাঁর মোট গোল এখন ১৮। সেই সঙ্গে টপকে গেলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজেকে। তবে আসল বাজিমাত অন্য জায়গায়। বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপের গোল এখন ১০। এই মাইলফলকে এর আগে কেউ পৌঁছতে পারেননি।
আসল মঞ্চে আসল নায়ক
গ্রুপ পর্বে গোল করে নায়ক হওয়া যায়। কিন্তু নকআউটে গোল করার কদর আলাদা! এমবাপে সেই দ্বিতীয় গোত্রের তারকা৷ এতদিন নকআউটে সর্বাধিক গোলের রেকর্ড ছিল ব্রাজিলের রোনাল্ডো নাজারিও এবং লিওনিদাসের। দু'জনেরই ঝুলিতে ৮টি। এমবাপে এক লাফে পৌঁছে গেলেন ১০-এ। পিছনে পড়ে ফ্রান্সের জাস্ট ফঁতেন এবং ব্রাজিলের পেলে, যাঁদের নকআউট গোল রয়েছে ৭টি করে। একদিকে বিশ্বকাপ যত কঠিন হচ্ছে, এমবাপের কাজ যেন ঠিক ততটাই সহজ হয়ে চলেছে!
মেসি অনেক দূরে, রোনাল্ডোর খাতাই ফাঁকা
পরিসংখ্যান মাঝে মাঝে নির্মম। এই তালিকাটাও তেমনই। বিশ্বকাপে সর্বাধিক ১৯ গোলের মালিক লিওনেল মেসি। কিন্তু তার মধ্যে নকআউটে মাত্র ৫টি। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো খাতাই খোলেননি! বিশ্বকাপের নকআউট পর্বে এখনও গোল করতে ব্যর্থ পর্তুগিজ তারকা।
পাশাপাশি এদিন সুইডেন ম্যাচে নিজের ষষ্ঠ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এসে দাঁড়িয়েছেন এমবাপে। দু'জনেরই ঝুলিতে ৬ গোল। তবে নকআউটের মঞ্চে? তুলনা করলে ব্যবধান বেশ স্পষ্ট।
ওলিসে সাজালেন, এমবাপে শেষ করলেন
সুইডেনের রক্ষণ সহজ ছিল না। কিন্তু মাইকেল ওলিসে যেন তালা খোলার চাবি নিয়েই নেমেছিলেন। তিনটি গোলেই তাঁর অ্যাসিস্ট। তার মধ্যে দু'বার সুযোগ কাজে লাগালেন এমবাপে। দৌড়, ফাঁকা জায়গা, নিচু শট—সবকিছুই যেন পাঠ্যবইয়ের মতো নিখুঁত। ম্যাচের পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ বললেন, 'আমরা বাস্তব সময়ে ফুটবলের ইতিহাস তৈরি হতে দেখছি। কিলিয়ান ম্যাচের আগে রেকর্ড নিয়ে ভাবে না। সে শুধু ফাঁকা জায়গা খোঁজে। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে বারবার যেভাবে নিজেকে প্রমাণ করছে, তা ওকে একেবারে আলাদা স্তরে নিয়ে গিয়েছে।'
এই জয়ের সুবাদে শেষ ষোলোয় উঠে গিয়েছে ফ্রান্স। সামনে প্যারাগুয়ে। জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে তারা এসেছে। তাই কাজ সহজ হবে না।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)