বাবার সঙ্গে মাঠে গিয়ে বিপত্তি, ২২০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু শিশুর, বিফলে ২১ ঘণ্টার লড়াই
বাবার সঙ্গে মাঠে গিয়ে খেলতে খেলতেই দুর্ঘটনা, হরিয়ানায় খোলা বোরওয়েলে পড়ে যায় ৪ বছরের নিরভৈর। ২১ ঘণ্টার লড়াইয়ের পর ২২০ ফুট গভীর বোরওয়েল থেকে তাকে মৃত উদ্ধার করা হয়।
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার আম্বালা জেলায় ২২০ ফুট গভীর খোলা বোরওয়েলে পড়ে যায় চার বছরের নিরভৈর সিং। তাঁকে শিশুকে বাঁচানোর মরিয়া চেষ্টা হলেও শেষ পর্যন্ত সবই ব্যর্থ হল। প্রায় ২১ ঘণ্টার টানা উদ্ধার অভিযানের পর বুধবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয় কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বহু সংস্থার যৌথ উদ্ধার অভিযানের পর বুধবার ভোর প্রায় ৩টে ৪০ মিনিটে তাকে বোরওয়েল থেকে বাইরে আনা হয়। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, শিশুটির মৃত্যু হয়েছে।
কীভাবে বোরওয়েলে পড়ল নিরভৈর?
মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ আম্বালার ধানেরা গ্রামে ঘটনাটি ঘটে। নিরভৈরের বাবা মঞ্জিত সিং মাঠেতার দাদু কর্নেল সিংয়ের জন্য সকালের খাবার নিয়ে যাচ্ছিলেন। নিরভৈরও বাবার সঙ্গে যাওয়ার জন্য জেদ করলে তাঁকে নিয়ে যাওয়া হয়।
মাঠে পৌঁছে মঞ্জিত কাজে ব্যস্ত হয়ে পড়েন। দাদু বসে খাবার খেতে শুরু করেন। সেই সময় নিরভৈর তাঁর পাশেই ছিল। কিছুক্ষণ পর খেলতে খেলতে সে কাছেই থাকা একটি খোলা বোরওয়েলের কাছে চলে যায়। পরিবারের দাবি, শিশুটি বোরওয়েলের মধ্যে মাটি ফেলছিল। সেই সময় ভেজা মাটি ধসে যায় আর নিরভৈর বোরওয়েলের ভিতরে উঁকি দিতে গিয়ে ভারসাম্য হারিয়ে প্রায় ২২০ ফুট গভীর গর্তে পড়ে যায়।
হঠাৎ বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুটিকে ডাকাডাকি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে প্রথমে নিজেরাই উদ্ধারের চেষ্টা করা হলেও সফল হননি। এরপর সকাল সাড়ে ৭টা নাগাদ প্রশাসনকে খবর দেওয়া হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলা শাসক অজয় সিং তোমর-সহ প্রশাসনের আধিকারিকরা। পরে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনীর উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান শুরু করে। প্রায় ২১ ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও তাকে আর বাঁচানো যায়নি।
আগেও ঘটেছে এমন ঘটনা
গত মাসেই পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় একটি নতুন খোঁড়া বোরওয়েলে পড়ে যাওয়া চার বছরের এক শিশুকে প্রায় ৯ ঘণ্টার অভিযানের পর জীবিত উদ্ধার করা হয়েছিল।
এরও আগে, ২০০৬ সালে হরিয়ানারই কুরুক্ষেত্রে পাঁচ বছরের প্রিন্স নামে এক শিশু এমন বোরওয়েলে পড়ে যায়। টানা ৪৮ ঘণ্টার দীর্ঘ উদ্ধার অভিযানের পর বোরওয়েল থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল তাকে। সেই ঘটনা গোটা দেশের নজর কেড়েছিল। কিন্তু আম্বালার নিরভৈরকে কোনওভাবেই বাঁচাতে পারলেন না উদ্ধারকারীরা।
এমন খোলা বোরওয়েল নিয়ে প্রশাসনিক আধিকারিকরা বার বার সতর্ক করেন। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা বা রাজস্থানের মতো এলাকায় এই ধরনের বোরওয়েল বেশি দেখা যায়। এত সতর্ক করার পরও অবশ্য হেলদোল দেখা যায় না কারও। প্রাণ যায় নিরভৈরের মতো নিস্পাপ শিশুদের।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)