এবার মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, উঠল 'চোর' স্লোগান! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাংসদের

তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে বাইরে উপস্থিত একদল বিক্ষোভকারী তাঁর বিরুদ্ধে “চোর চোর” স্লোগান দেন বলেও দাবি করেন তৃণমূল সাংসদ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

Jul 01, 2026 - 16:37
0 0
এবার মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, উঠল 'চোর' স্লোগান! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাংসদের

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সেখানেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া (Egg Attack) হয়েছে বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে বাইরে উপস্থিত একদল বিক্ষোভকারী তাঁর বিরুদ্ধে “চোর চোর” স্লোগান দেন বলেও দাবি করেন তৃণমূল সাংসদ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গিয়েছে, কালীগঞ্জের একটি দলীয় কার্যালয়ে সংগঠনের কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সেই সময় আচমকাই কার্যালয়ের বাইরে একদল মহিলা ও পুরুষ জড়ো হন। মহুয়ার অভিযোগ, ওই বিক্ষোভকারীরা বিজেপির সমর্থক ছিলেন। তাঁদের অনেকের হাতেই ডিম ছিল বলেও দাবি করেছেন তিনি। অভিযোগ, কর্মসূচি চলাকালীন দলীয় কার্যালয় লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সেই সময় বাইরে থেকে স্লোগানও দেওয়া হচ্ছিল।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে পারে বুঝেই মহুয়া মৈত্র নিজেই মোবাইলে গোটা ঘটনার ছবি ও দৃশ্য ধারণ করতে শুরু করেন বলে জানা গিয়েছে। পরে সেই ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংসদ বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলি একদিকে সংবিধান রক্ষার কথা বলছে, অন্যদিকে একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর এই ধরনের আচরণ করা হচ্ছে। তাঁর অভিযোগ, পরিকল্পনা করেই তাঁকে লক্ষ্য করে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল।

সবচেয়ে বড় অভিযোগ উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। মহুয়া মৈত্রের দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা দ্রুত হস্তক্ষেপ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর কোনও পদক্ষেপও নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, একজন সাংসদ হিসেবে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। অথচ এই ঘটনায় তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। সেই কারণেই প্রশাসনের কাছে উপযুক্ত নিরাপত্তার দাবিও জানিয়েছেন তৃণমূল সাংসদ।

ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, বিরোধীরা পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করেছে। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে পুলিশের পক্ষ থেকেও এই ঘটনায় বিস্তারিত কোনও বিবৃতি সামনে আসেনি।

সাম্প্রতিক সময়ে একের পর এক তৃণমূল নেতাকে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। প্রাক্তন বিধায়ক, কাউন্সিলর, এমনকী মন্ত্রী - কেউই বাদ যাননি। এবার এই তালিকায় যুক্ত হল কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নাম।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User