'ডিজে' মামলায় অভিষেকের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে, আজই সাংসদের কণ্ঠস্বরের নমুনা নেবে CID!
'ডিজে' মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করে দেখতে চায় সিআইডি। কলকাতা হাইকোর্টের থেকে অনুমতিও পান তদন্তকারীরা। এতে আপত্তি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
দ্য ওয়াল ব্যুরো: 'ডিজে' মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করে দেখতে চায় সিআইডি (CID)। কলকাতা হাইকোর্টের থেকে অনুমতিও পান তদন্তকারীরা। এতে আপত্তি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিদেশযাত্রা-মামলার পর ডিজে কাণ্ডেও তৃণমূলের সাংসদের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে আজই অভিষেককে কণ্ঠস্বরের পরীক্ষার (Abhishek Banerjee Voice Test) জন্য হাজিরা দিতে হতে পারে।
গত সপ্তাহেই হাইকোর্টের ছাড়পত্র পেয়ে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়িতে যায় সিআইডির একটি প্রতিনিধি দল। 'ডিজে' মামলায় তাঁর কণ্ঠস্বর পরীক্ষার আবেদন আদালত যে অনুমতি দিয়েছে, সেই সংক্রান্ত অর্ডারের কপি দিতেই গেছিলেন তারা। ৩০ জুন অর্থাৎ আজই হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে নোটিসে।
এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার দৃষ্টি আকর্ষণ করা হলে আদালত আবেদন গ্রহণের অনুমতি দেয়। আগামী ২৯ জুন মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু সোমবার কোনও শুনানিই হয়নি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানির আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, আজ এই মামলাটি শুনবেন তিনি।
গত বিধানসভা নির্বাচনের প্রচারে এক জনসভা থেকে বিরোধীদের নিশানা করতে গিয়ে তীব্র হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!”
অভিষেকের এই মন্তব্যকে উস্কানিমূলক এবং বেফাঁস দাবি করে বাগুইআটির এক স্থানীয় বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেন। পরবর্তীতে মামলার গুরুত্ব বুঝে তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয় রাজ্যের অধীনস্থ তদন্তকারী সংস্থা সিআইডি-র (CID) হাতে।
মামলাটি হাতে নেওয়ার পর থেকেই বেশ সক্রিয় ভূমিকায় দেখা গেছে সিআইডি আধিকারিকদের। এই ‘ডিজে মামলা’র প্রেক্ষিতে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)