'দলের দ্বিতীয় ও তৃতীয় পেসার কে?' ভুবি ফিরতেই সামি-সিরাজকে নিয়ে প্রশ্ন তুললেন জাফর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই মহম্মদ সামি ও সিরাজের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআই নির্বাচকদের তুলোধনা করলেন ওয়াসিম জাফর।

Oct 08, 2026 - 12:27
0 0

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জাতীয় দলে প্রত্যাবর্তন। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের (Indian Cricket Team) জার্সিতে ফের দেখা যাবে ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar)।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে পেস বোলিং লাইন-আপ নিয়ে নির্বাচকদের দুশ্চিন্তাই নাকি ভুবনেশ্বরের দরজা খুলে দিয়েছে। ফিটনেস প্রমাণ করতে পারলে জসপ্রীত বুমরাহর সঙ্গে তাঁর জুটি বাঁধার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে গিয়েই বোর্ডের নির্বাচক কমিটিকে একহাত নিলেন প্রাক্তন তারকা ওয়াসিম জাফর। তাঁর প্রশ্ন, দলে বুমরাহর পর দ্বিতীয় ও তৃতীয় পেসার কারা? মহম্মদ সামি (Mohammed Shami) বা মহম্মদ সিরাজকে কেন নিয়মিত খেলানো হচ্ছে না?

'দলে ফিরিয়ে কাউকে দয়া করা হয়নি'

দীর্ঘদিন পর ভুবনেশ্বরের ডাক পাওয়া প্রসঙ্গে জাফর নিজের ইউটিউব চ্যানেলে রীতিমতো চাঁচাছোলা ভাষায় বলেন, 'দেরিতে হলেও কাজটা ভাল হয়েছে। ভুবনেশ্বর এই সুযোগের যোগ্য। ওকে দলে ফিরিয়ে কেউ কোনও দয়া করেনি। ওর ফিটনেস ভাল, পারফরম্যান্সও ধারাবাহিকভাবে করে আসছে। আইপিএল (IPL) থেকে শুরু করে উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে—সব জায়গাতেই ও নিজেকে প্রমাণ করেছে। তা সত্ত্বেও কেন বাদ দেওয়া হয়েছিল, সেটা আমার কাছে একটা বড় রহস্য।' তরুণদের পাশাপাশি অভিজ্ঞতার গুরুত্ব বোঝাতে গিয়ে প্রাক্তন ওপেনারের সংযোজন, 'বয়সটাকে সরিয়ে রাখা উচিত। দলে তরুণদের দরকার ঠিকই, কিন্তু যারা ভাল খেলছে, তাদের ব্রাত্য করে রাখা যায় না। চূড়ান্ত চাপের মুহূর্তে অভিজ্ঞতারই সবচেয়ে বেশি প্রয়োজন। শুধু তরুণদের নিয়ে দল গড়া যায় না। তারুণ্য এবং অভিজ্ঞতার সঠিক ভারসাম্য থাকা জরুরি।'

ভুবনেশ্বরের প্রশংসা করলেও, দেশের দুই প্রতিষ্ঠিত পেসারের অনুপস্থিতি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ জাফর। তাঁর নিশানায় সরাসরি বিসিসিআই (BCCI) নির্বাচকরা। সিরাজকে কেন পর্যাপ্ত ম্যাচ খেলানো হচ্ছে না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। জাফরের কথায়, 'আপনারা সিরাজকে নিয়মিত গেম-টাইম দিচ্ছেন না। আমার মাথায় ঢুকছে না, দলে আপনাদের দ্বিতীয় ও তৃতীয় পেসার ঠিক কে! ওয়ানডে দলে গুরনুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণ বা নীতীশ রেড্ডিদের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু টিম ম্যানেজমেন্ট হয়তো এখনও তাদের উপর পুরোপুরি ভরসা রাখতে পারছে না।'

বিশ্বকাপের ব্লু-প্রিন্ট ও সামির টেস্ট-ভাগ্য

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup 2027) খেলা হবে আফ্রিকার মাটিতে। সেখানকার পিচে পেস ও বাউন্স নির্ণায়ক ভূমিকা নেবে। তার আগে পেস আক্রমণ গোছানোর স্পষ্ট পরামর্শ দিয়েছেন জাফর। তিনি জানিয়ে দেন, 'বিশ্বকাপ খুব কাছাকাছি চলে এসেছে। আমার মতে ওয়ানডে দলে সামির থাকা উচিত। ওর মতো কোয়ালিটি পেসার থাকলে তাকে খেলানোই দস্তুর। আমার প্রথম পছন্দ বুমরাহ, সামি এবং সিরাজ। বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি দল পুনর্গঠন নিয়ে ভাবব।'

টেস্ট ক্রিকেটেও সামিকে দ্রুত ফেরানোর দাবি তুলেছেন তিনি। চোট সারিয়ে এই মুহূর্তে সামি মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। জাফরের সাফ কথা, 'আমি অনেক দিন ধরেই টেস্ট দলে সামির কামব্যাকের অপেক্ষায় রয়েছি। যখনই দল ঘোষণা হবে, আমার চোখ থাকবে সামি এবং আকিব নবির দিকে। এখানে যদি সামিকে অবহেলা করা হয়, তবে ওর জন্য জাতীয় দলের দরজা বোধহয় চিরতরেই বন্ধ হয়ে যাবে।'

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User