ধোনি সরতেই রক্ষণাত্মক খোলস ছাড়ে ভারত! বিরাট-জমানার হাঁড়ির খবর শোনালেন রাহানে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অজিঙ্ক রাহানে। মহেন্দ্র সিং ধোনির পর কীভাবে বিরাট কোহলি ভারতীয় টেস্ট দলকে বদলে দিয়েছিলেন, তা নিয়ে মুখ খুললেন তিনি। পড়ুন বিস্তারিত।

Aug 07, 2026 - 17:55
0 0
ধোনি সরতেই রক্ষণাত্মক খোলস ছাড়ে ভারত! বিরাট-জমানার হাঁড়ির খবর শোনালেন রাহানে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে বিদায়। প্রায় দুই দশকের দীর্ঘ কেরিয়ারে অবশেষে ইতি টেনেছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। সব ধরনের ফরম্যাট থেকেই অবসরের ঘোষণা। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন তিনি। দীর্ঘ এই যাত্রাপথে তাঁর ঝুলিতে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ এবং ২০টি টি-টোয়েন্টি (Indian Cricket Team)। সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে তাঁর মোট রান ৮ হাজারের বেশি।

অবসরের পর শুভেচ্ছার বন্যা। ফ্যান থেকে শুরু করে বিশেষজ্ঞ—সকলেই রাহানেকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন সতীর্থ ও অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli)। সতীর্থের বিদায়বেলায় দিয়েছেন আবেগঘন বার্তা। আর এই আবহেই একটি পডকাস্টে পুরনো দিনের স্মৃতি উস্কে দিয়েছেন খোদ রাহানে। তুলে ধরেছেন মহেন্দ্র সিং ধোনি-পরবর্তী যুগে ভারতীয় টেস্ট দলের খোলনলচে বদলে যাওয়ার অজানা গল্প।

কোহলি-শাস্ত্রী জুটিতেই ভোলবদল

'স্টিক টু ক্রিকেট' পডকাস্টে খোলামেলা আড্ডায় হাজির জিঙ্কস স্পষ্ট জানান, ধোনির বিদায়ের পর কীভাবে লাল বলের ক্রিকেটে আগ্রাসী হয়ে উঠেছিল টিম ইন্ডিয়া (Indian Test Team)। বিশেষ করে বিদেশের মাটিতে চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা গড়ে ওঠে দলের অন্দরে। এর পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন তৎকালীন অধিনায়ক কোহলি এবং দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীকে।

এই প্রসঙ্গে রাহানের মন্তব্য, 'টেস্ট ক্রিকেট থেকে এমএস যখন সরে দাঁড়াল, তখন বিরাট আর রবি মিলে টেস্টে ভারতীয় দলকে আরও শক্তপোক্ত করেছিল। বিশেষ করে বিদেশের পরিবেশে। তখন আমাদের মানসিকতাই ছিল সাহসী আর আক্রমণাত্মক হওয়ার। রক্ষণাত্মক বা প্রতিক্রিয়াশীল নয়। আমরা সবসময় প্রোঅ্যাক্টিভ ছিলাম।'

বিপরীত মেরুর দুই চরিত্র

দলে কোহলির সঙ্গে তাঁর রসায়ন প্রায় নিখুঁত। অথচ দুজনের স্বভাব একেবারে আলাদা। একজন মাঠে চরম আগ্রাসী, অন্যজন বরফের মতো শান্ত। এই বৈপরীত্যই নাকি দলের সবচেয়ে বেশি কাজে এসেছিল! রাহানের দাবি, 'বিরাটের আগ্রাসনের সঙ্গে আমার শান্ত স্বভাব খুব ভালভাবে মানিয়ে যেত। আমাদের খোলাখুলি আর সৎ আলোচনা অনেক গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়তে সাহায্য করে।'

'প্রিয় পার্টনার'কে বিরাটের কুর্নিশ

রাহানের অবসরের খবর পেয়ে সমাজমাধ্যমে (X) আবেগঘন বার্তা দেন কোহলি। লেখেন, 'দারুণ একটা কেরিয়ারের জন্য অভিনন্দন জিঙ্কস। ভারতীয় ক্রিকেটের জন্য তুমি অসাধারণ কাজ করেছ। নিজের এই সফর নিয়ে তোমার গর্ব করা উচিত। স্লিপে সবচেয়ে বিশ্বস্ত হাত এবং আমার প্রিয় টেস্ট ব্যাটিং পার্টনার। তোমার জন্য সবসময় শুভকামনা। ঈশ্বর মঙ্গল করুন।'

জুটির দাপট ও সোনালি অধ্যায়

পরিসংখ্যান বলছে, এই জুটির দাপটেই একসময় টানা ৪২ মাস আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ভারত। কোহলি এবং রাহানে একসঙ্গে মোট ৬৭টি টেস্ট খেলেছেন। তাঁদের জুটিতে এসেছে ৩৬৬১ রান। রয়েছে ১০টি সেঞ্চুরি পার্টনারশিপ। ২০১৬ সালের অক্টোবরে ইন্দোরে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তাঁদের ৩৬৫ রানের পার্টনারশিপই জুটিতে সর্বোচ্চ। সেই ম্যাচে কোহলি ডাবল সেঞ্চুরি হাঁকান। অন্যদিকে রাহানের ব্যাট থেকে আসে ১৮৮ রান। এবার জিঙ্কসের অবসরের সঙ্গেই সেই সোনালি অধ্যায়ের পাকাপাকি অবসান ঘটল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User