মানবের ভেল্কিতে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে বড় লাফ
গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারাল ভারত। মানব সুতারের ৬ উইকেট এবং গৌতম গম্ভীরের কৌশলে জয় নিশ্চিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে বড় লাফ ভারতের।
গলের ঘূর্ণি পিচে অবশেষে স্পিন-জুজু উবে গেল। পঞ্চম দিনে শ্রীলঙ্কার জেদি প্রতিরোধ শেষ। ১৬৫ রানের বিশাল জয় (India vs Sri Lanka)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আরও একধাপ এগোল টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে জয়ের আসল কারিগর মানব সুতার। ৫৫ রানে ৬ উইকেট। তাঁর ঘূর্ণিতেই দিশেহারা বিপক্ষ।
গম্ভীরের মগজাস্ত্র ও জাদেজার ব্রেকথ্রু
ভারতের স্পিন খেলার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছিল দীর্ঘদিন ধরে। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে জোড়া হারে গুঞ্জন আরও বেড়েছিল। গলে সিরিজের প্রথম টেস্টে সেই শঙ্কা সম্পূর্ণ দূর করলেন শুভমান গিল বাহিনী (IND vs SL 1st Test)। শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৬টি উইকেট। লক্ষ্য ৩৭২ রান। বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা। তাই দ্রুত উইকেট তোলাই ছিল প্রাথমিক টার্গেট।
কিন্তু সকালে ধনঞ্জয় ডি সিলভা এবং সোনাল দিনুশা মাটি কামড়ে পড়েছিলেন। স্পিনারদের বিরুদ্ধে ধনঞ্জয় অবলীলায় কাট ও ব্লক করছিলেন। দিনুশা মারছিলেন অনায়াস সুইপ। পিচ থেকে ভারতীয় বোলারদের বিন্দুমাত্র সাহায্য জোটেনি।
এমন সময় বার্তা পাঠান হেডকোচ গৌতম গম্ভীর। রবীন্দ্র জাদেজাকে আলাদা করে ডেকে কথা বলেন তিনি। প্রান্ত ও বোলিং অ্যাঙ্গেল বদলানোর স্পষ্ট নির্দেশ দেন (Gautam Gambhir)। কোচের এই কৌশল ম্যাজিকের মতো কাজ করে। স্টাম্প লক্ষ্য করে টানা বল করতে থাকেন জাদেজা। তাতেই ধৈর্য হারান লঙ্কান অধিনায়ক। প্যাডেল সুইপ করতে গিয়ে টপ-এজ। ভেঙে যায় ৯৫ রানের শক্ত জুটি। ৭১ রান দিয়ে ১টি উইকেট ছিনিয়ে নেন জাদেজা।
জয়সওয়ালের উস্কানি এবং ডিকওয়েলার বিদায়
লাঞ্চের ঠিক আগে নিরোশান ডিকওয়েলার আউট টার্নিং পয়েন্ট। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই ব্যাটারের কাছে বড় ইনিংসের প্রত্যাশা ছিল টিমের। প্রথম ইনিংসে দিনুশার সঙ্গে ১৪৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন। কিন্তু যশস্বী জয়সওয়ালের পাতা ফাঁদে পা দেন তিনি। ওভার বাউন্ডারি মারার জন্য ডিকওয়েলাকে ক্রমাগত উস্কানি দিয়ে যান যশস্বী। মেজাজ হারিয়ে প্রসিদ্ধ কৃষ্ণর বলে আক্রমণাত্মক কাট শট। বল সোজা উইকেটকিপারের হাতে (Galle Test)। এই উইকেটেই ভারতের জয়ের বিশ্বাস আরও দৃঢ় হয়।
মানবের ভেল্কিতে ধস
লাঞ্চের পর ৭৬তম ওভারে দিনুশার লড়াই থামে। ১২৮ বলে ৮৪ রান করে আউট হন তিনি (Manav Suthar)। টার্নিং ট্র্যাকে দুর্দান্ত ব্যাটিং করছিলেন। রাউন্ড দ্য উইকেট থেকে বল করে তাঁকে লেগ স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন মানব। ম্যাচে ১৮৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন দিনুশা।
এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কা। একই ওভারে প্রভাত জয়সূর্য ও লাহিরু কুমারাকে ফেরান মানব। প্রভাত ক্লিন বোল্ড হন। লাহিরু উইকেটকিপারের হাতে ক্যাচ দেন। রিভিউ নেননি। এটি ছিল মানবের পঞ্চম উইকেট। টানা দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন তরুণ স্পিনার। শেষমেশ দ্বিতীয় সেশনে মাত্র ২০৬ রানে অলআউট শ্রীলঙ্কা (Sri Lanka Cricket)। সিরিজের প্রথম টেস্ট জিতে নিল ভারত।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)