নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত আহতদের সুস্থতা কামনা

কলকাতার নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করেছেন তিনি।

Aug 19, 2026 - 17:45
0 0
নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত আহতদের সুস্থতা কামনা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কলকাতার নিউমার্কেটে আরও এক হোটেলে ভয়াবহ আগুন। বুধবার মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটের একটি পুরনো বহুতলে আগুনে মৃত্যু হয়েছে ৯ জনের। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এক্স-এ দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবর জেনে তিনি অত্যন্ত ব্যথিত। এই ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনাও করেছেন। স্থানীয় প্রশাসন যেভাবে সহায়তা করেছেন সকলকে তার কথা উল্লেখ করেন লেখায়।

এক ভবনে ছ’টি হোটেল, ভিতরে গোলকধাঁধা

মির্জা গালিব স্ট্রিটের যে বহুতলে আগুন লাগে, তার পরিস্থিতি নিয়েই এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। মূল প্রবেশপথ মাত্র পাঁচ ফুটের মতো চওড়া। ভবনের বিভিন্ন তলায় ছোট ছোট হোটেল মিলিয়ে মোট ছ’টি হোটেলের বোর্ড রয়েছে।

ভিতরে ঘরের পর ঘর। পাঁচতলা বাড়িতে ওঠার জন্য রয়েছে সরু, বেঁকানো লোহার সিঁড়ি। সামনের প্যাসেজও মোটে দেড় ফুটের মতো চওড়া। জরুরি পরিস্থিতিতে দ্রুত বেরিয়ে আসার সুযোগ কার্যত ছিল না। বাড়িটিতে ফায়ার এগজিটও ছিল না বলে জানা গেছে।

ট্রেড লাইসেন্স নিয়ে প্রশ্ন

এই পরিস্থিতিতে এমন বাড়িতে কী ভাবে একের পর এক হোটেল চলছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ নিয়ে তাঁর কথা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে এসির শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণের পাশাপাশি বাড়িটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

ফের সামনে পুরনো অডিটের প্রশ্ন

ঘটনার পর কলকাতার হোটেলগুলির নিরাপত্তা নিয়ে পুরনো অডিটের প্রসঙ্গ সামনে এসেছে। জোড়াসাঁকোর হোটেলে অগ্নিকাণ্ডের পর শহরের হোটেলগুলিতে নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে অডিট কমিটি তৈরি হয়েছিল। চারটি বৈঠকের পর সেই প্রক্রিয়া আর এগোয়নি। নতুন করে কমিটি গড়ে সমস্ত হোটেল খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।

পুরসভা সূত্রে দাবি, শহরে প্রায় ৩৭৮৮টি এমন হোটেল রয়েছে। কিন্তু লোকবলের অভাবে মাত্র ১৫-২০টি হোটেলের অডিট করা সম্ভব হয়েছিল। সেই রিপোর্ট শেষ পর্যন্ত পুরসভা বা দমকলের কাছে জমা পড়েনি।

এদিকে নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। মৃতদের মধ্যে ঝাড়খণ্ডের এক বাসিন্দার পরিচয় জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User