রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই, আসল সত্যি কী?
রবার্তো কার্লোস কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবরের আসল সত্য কী? রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের ধর্মান্তরের জল্পনা নিয়ে বিস্তারিত পড়ুন।
রবার্তো কার্লোস কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?
ফুটবল দুনিয়ায় এখন এটাই সবচেয়ে চর্চিত প্রশ্ন। রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের প্রাক্তন তারকার ধর্মান্তর নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা। খবর রটেছে, ৫৩ বছর বয়সি কিংবদন্তি লেফট-ব্যাক নাকি ইসলামে দীক্ষিত হয়েছেন (Roberto Carlos)। তবে এই খবরের সত্যতা নিয়ে তীব্র ধোঁয়াশা রয়েছে। কারণ কার্লোস নিজে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। তৃতীয় পক্ষের একটি রিপোর্টের ওপর ভিত্তি করেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়।
জল্পনার সূত্রপাত
খবরটির উৎস মূলত একটি হাই-প্রোফাইল বৈঠক। তুরস্কের শাসক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সাংসদ আলি শাহিন সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে যান। সেখানে স্থানীয় ইসলামি দাতব্য যুব লিগের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি।
এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক দাবি করেন শাহিন। জানান, ব্রাজিলের প্রখ্যাত মুসলিম ধর্মগুরু শেখ জিহাদ হাম্মাদের কাছ থেকে তিনি কার্লোসের ধর্মান্তরের কথা জেনেছেন।
শেখ জিহাদ সেদেশের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইসলামিক জুরিস্টস-এর (ANAJI) সহ-সভাপতি। দক্ষিণ আমেরিকার মুসলিম সমাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। শাহিনের দাবি, 'হাম্মাদ জানিয়েছেন, কার্লোস দীর্ঘ সময় ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তিনি হাম্মাদের কাছে যান। সেখানে কলেমা শাহাদত পাঠ করে ধর্ম গ্রহণ করেন!' (Roberto Carlos Islam Conversion) এই একটি মন্তব্যই সংবাদমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
মরোক্কান যোগসূত্র ও গুঞ্জন
খবর রটতেই সংবাদমাধ্যমের একাংশ কার্লোসের ব্যক্তিগত জীবনের দিকে আঙুল তুলতে থাকে। তাঁর স্ত্রী সুহায়লা এল তাহিরি। তিনি পেশায় ফুটবল এজেন্ট। যাঁর শিকড় মরোক্কো এবং লেবাননে। রিয়াল মাদ্রিদ ও ফেনারবাচের প্রাক্তন তারকার সঙ্গে সুহায়লার দীর্ঘ দাম্পত্য। জল্পনা শুরু হয়, মুসলিম পরিবারে বিয়ের কারণেই হয়তো এই আধ্যাত্মিক পথ বদল।
খেলাধুলার দুনিয়ায় এমন নজির বিরল নয়। তবে ফ্যাক্ট-চেকার বা তথ্য-যাচাইকারী সংস্থাগুলি জানাচ্ছে, বিয়ের সঙ্গে ধর্মান্তরের এই তত্ত্ব সম্পূর্ণ ভিত্তিহীন। এর সপক্ষে কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই (Brazilian Footballer)। পুরোটাই সমালোচক ও নেটিজেনদের নিজস্ব অনুমান। ঘটনা আর জল্পনার মধ্যে বিস্তর ফারাক।
জালিয়াতি ও আসল সত্য
এক্স, ফেসবুক বা ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তার বন্যা। কিন্তু সবচেয়ে জরুরি উপাদানটিই উধাও: খোদ কার্লোসের বিবৃতি! ঐতিহ্যবাহী ব্রাজিলীয় ক্যাথলিক পরিবারে বড় হয়েছেন এই গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাঁর ম্যানেজমেন্ট টিম বা নিজস্ব সোশ্যাল মিডিয়া থেকে ধর্মান্তর নিয়ে টুঁ শব্দটিও করা হয়নি।
নীরবতার সুযোগ নিচ্ছে ভুয়ো খবরের কারবারিরা। সব অ্যালগরিদমের যুগে ভাইরাল হওয়ার লোভে। এআই দিয়ে তৈরি কার্লোসের একাধিক ছবি ছড়ানো হচ্ছে। যেখানে তিনি ঐতিহ্যবাহী ইসলামি পোশাক পরনে। উইকিপিডিয়ার মতো প্ল্যাটফর্মেও ভুল তথ্য এডিট করে ধর্মান্তরের ভুয়ো তারিখ বসানো হয়েছে। শুধুমাত্র ইন্টারনেট ট্রাফিক টানার সস্তা কৌশল।
সাংবাদিকতার নিরিখে এই খবরটি আপাতত একটি দাবি মাত্র। চূড়ান্ত সত্য নয়। তুর্কি সাংসদ উদ্ধৃত করেছেন এক ব্রাজিলীয় ধর্মগুরুকে। যিনি আবার এক তারকার সঙ্গে তাঁর ব্যক্তিগত আলাপের কথা বলেছেন। সব মিলিয়ে পুরোটাই মিথ্যে খবরের বেসাতি!
শেখ জিহাদের মতো মানুষের দাবি সহজে উড়িয়ে দেওয়া যায় না ঠিকই। তবে তারকাদের ক্ষেত্রে তাঁরা নিজে মুখ না খোলা পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। রবার্তো কার্লোস (Real Madrid Legend) নিজে যতদিন না মাইক হাতে এই খবরের সিলমোহর দিচ্ছেন, ততদিন একে একটি যাচাই না হওয়া রিপোর্ট হিসেবেই ধরতে হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)