রসায়নের অধ্যাপক থেকে 'ডিজিটাল সেনাপতি', বিজেপির নতুন আইটি সেল প্রধান দীপক মাসকেকে চিনে নিন
সোশ্যাল মিডিয়ার দায়িত্ব পাওয়ার পরপরই নবনিযুক্ত আইটি সেল প্রধান নিজের অগ্রাধিকার স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানান, জনসেবার জন্য ভোটে জেতাই দলের মূল লক্ষ্য এবং সম্পূর্ণ টিমকে কাজে লাগিয়ে সেই লক্ষ্যপূরণ করবে।
সোমবার বিজেপিতে বড়সড় রদবদল ঘটেছে। নতুন জাতীয় সভাপতি নিতিন নবীনের নতুন টিমে (BJP New National Team) কেন্দ্রীয় আইটি সেলের শীর্ষ পদে বসানো হয়েছে দীপক মাসকেকে (Deepak Mhaskey)। এতদিন ধরে এই দায়িত্বে থাকা অমিত মালব্যকে সরিয়ে এখন থেকে ছত্তীসগড়ের প্রচারবিমুখ ও সংগঠক হিসেবে পরিচিত মাসকেকেই বিজেপির আইটি ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ার দায়িত্ব পাওয়ার পরপরই নবনিযুক্ত আইটি সেল প্রধান নিজের অগ্রাধিকার স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানান, জনসেবার জন্য ভোটে জেতাই দলের মূল লক্ষ্য এবং সম্পূর্ণ টিমকে কাজে লাগিয়ে সেই লক্ষ্যপূরণ করবে। বিরোধীদের আক্রমণ প্রসঙ্গে মাসকে বলেন, “ভুল ও বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে সাময়িক আবহ তৈরি করা গেলেও দীর্ঘমেয়াদে সঠিক তথ্যের মাধ্যমে মানুষের ভুল ভাঙানো সম্ভব। বিজেপি সততার সঙ্গেই এই কাজ করে যাবে।”
কে এই দীপক মাসকে?
১৯৬৮ সালে জন্ম নেওয়া দীপক মাসকে শিক্ষাগত যোগ্যতায় রসায়নের স্নাতকোত্তর (MSc)। এছাড়া তাঁর সিমেন্ট টেকনোলজিতে ডিপ্লোমা এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের সার্টিফিকেট রয়েছে। কর্মজীবনের শুরুতে তিনি কলেজের রসায়নের অধ্যাপক ছিলেন। পরে কৃষি ও উদ্যানপালনে যুক্ত হন এবং তিন দশকেরও বেশি সময় জৈব চাষবাসের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকী কিছু সময় রাস্তা তৈরির কাজেও অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি।
তবে তাঁর দখল তথ্য বিশ্লেষণে। বিশেষ করে নির্বাচনী ডেটা এবং সরকারি জনকল্যাণমুখী প্রকল্পের ডেটা সংগ্রহের কাজে তিনি বিশেষ দক্ষ। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় তাঁর প্রস্তুত করা ডেটা রিপোর্ট গৃহীত ও ব্যবহৃত হয়েছে। ২০০৯ সাল থেকে তিনি ছত্তীসগড় বিজেপি আইটি সেলের সঙ্গে যুক্ত এবং রাজ্যের দলীয় মুখপাত্র হিসেবেও কাজ করেছেন।
কর্পোরেট ও রাজ্য রাজনীতিতে উপস্থিতি
রাজনীতির বাইরেও নানা সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় গুরুত্বপূর্ণ পদ সামলেছেন মাসকে। ২০২১ সালের নভেম্বরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে থাকা 'ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড' (EIL)-এর নন-অফিসিয়াল স্বাধীন পরিচালক হিসেবে নিযুক্ত হন তিনি। ২০২৫ সালে তাঁর মেয়াদ বৃদ্ধি পেয়ে চলতি বছরের মার্চেই সেই মেয়াদ শেষ হয়। এ ছাড়া ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, স্বাস্থ্য শিবির এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল সচেতনতার মতো সামাজিক কাজের সঙ্গেও যুক্ত তিনি।
বর্তমানে ছত্তীসগড় রাজ্য সরকারের অধীনস্থ 'ছত্তীসগড় মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড'-এর চেয়ারম্যান পদেও রয়েছেন দীপক মাসকে। একাধারে সরকারি পদে থাকা, অন্যদিকে রাজনৈতিক দলের শীর্ষ টেকনোক্র্যাট ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার এক বিরল সমন্বয় দেখা যাচ্ছে এই নতুন আইটি প্রধানের মধ্যে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)