সুইসাইড নোট, ছাদের ধারে এক পাটি জুতো! অনীক দত্তের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা

বাংলার চলচ্চিত্র জগৎ যেন আচমকাই থমকে গেল বুধবার দুপুরে। এক ভয়াবহ খবরে স্তব্ধ হয়ে গেল টলিপাড়া। প্রয়াত হয়েছেন বিশিষ্ট পরিচালক Anik Dutta।

Jun 30, 2026 - 11:58
0 0
সুইসাইড নোট, ছাদের ধারে এক পাটি জুতো! অনীক দত্তের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা

দ্য ওয়াল ব্যুরো: বাংলার চলচ্চিত্র জগৎ যেন আচমকাই থমকে গেল বুধবার দুপুরে। এক ভয়াবহ খবরে স্তব্ধ হয়ে গেল টলিপাড়া। প্রয়াত হয়েছেন বিশিষ্ট পরিচালক Anik Dutta। প্রথমে খবর ছড়িয়েছিল, নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন তিনি। দ্রুত তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সামনে আসে আরও ভয়ঙ্কর এক সম্ভাবনা। এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, বরং আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে, ঘটনার দিন ১টার দিকে গড়িয়াহাটের একটি বহুতল আবাসনে গিয়েছিলেন অনীক দত্ত। সেখানেই থাকতেন তাঁর প্রাক্তন স্ত্রী। জানা গিয়েছে, তিনি প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় বাড়িতে উপস্থিত থাকলেও কোনও অজ্ঞাত কারণে তাঁর সঙ্গে দেখা করতে চাননি প্রাক্তন স্ত্রী। এরপরই আচমকা বদলে যায় পরিস্থিতি।

পুলিশের অনুমান, সেখান থেকে সোজা ছাদে উঠে যান পরিচালক। তারপরই বহুতলের উপর থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। যদিও তদন্তের স্বার্থে নোটের বিস্তারিত প্রকাশ করতে রাজি নয় পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উপর থেকে কংক্রিটের মেঝেতে পড়ার ফলে তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে। বুকের একাধিক পাঁজর ভেঙে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় পরিচালকের।

ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক আর কৌতূহল। একটি ভিডিওতে দেখা যায়, খোলা ছাদের ধারে পড়ে রয়েছে এক পাটি জুতো। সেই দৃশ্যই এখন নতুন করে উসকে দিচ্ছে রহস্য। প্রশ্ন উঠছে, কেউ কি এত পরিকল্পিতভাবে আত্মহত্যা করতে পারেন? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও অজানা কারণ?

এই প্রসঙ্গে ডিসি সাউথ Saikat Ghosh জানিয়েছেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। আত্মহত্যার প্রমাণ এবং একটি সুইসাইড নোট মিলেছে ঠিকই, কিন্তু তার ভিতরে কী লেখা রয়েছে, তা এখনই প্রকাশ করা সম্ভব নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে ফরেনসিক টিম। তিনি আরও জানান, কাউকে ছাদ থেকে পড়তে সরাসরি দেখা যায়নি। বিকট শব্দ শুনে পথচারীরা ছুটে আসেন। তারপরই শুরু হয় চাঞ্চল্য।

এখনও একাধিক মানুষের বয়ান রেকর্ড করা বাকি। তদন্তও চলছে পূর্ণ গতিতে। কিন্তু এর মধ্যেই অনীক দত্তের ঘনিষ্ঠ মহলের অনেকেই যেন বিশ্বাসই করতে পারছেন না পুরো ঘটনাটা। তাঁদের কথায়, কাজপাগল, অন্যরকম চিন্তাভাবনার একজন মানুষ ছিলেন তিনি। সিনেমা নিয়েই থাকতেন। খানিক খ্যাপাটে, খানিক একরোখা, কিন্তু প্রাণবন্ত। সেই মানুষটা হঠাৎ আত্মহত্যার পথ বেছে নেবেন, তা মেনে নিতে পারছেন না অনেকেই।

তবে কি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছিলেন পরিচালক? নাকি এই মৃত্যুর আড়ালে লুকিয়ে আছে আরও জটিল কোনও সত্যি? উত্তর এখনও অজানা। কলকাতার এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে এখন শুধু প্রশ্নই ঘুরছে চারদিকে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এগোচ্ছে তদন্ত। হয়তো সময়ই বলবে, ঠিক কী ঘটেছিল অনীক দত্তের জীবনের সেই শেষ কয়েক ঘণ্টায়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User