World Cup 2026: ‘এমন পেনাল্টি না দিলে ভিএআরের দরকার কী?’ আইভরি কোস্টের বিদায়ে রাগে ফুঁসছেন দ্রোগবা

২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে আইভরি কোস্টের বিতর্কিত বিদায়। নিকোলা পেপের পেনাল্টি না দেওয়া নিয়ে ভিএআর (VAR) ও রেফারিকে ধুয়ে দিলেন দিদিয়ের দ্রোগবা।

Jul 01, 2026 - 11:15
0 0
World Cup 2026: ‘এমন পেনাল্টি না দিলে ভিএআরের দরকার কী?’ আইভরি কোস্টের বিদায়ে রাগে ফুঁসছেন দ্রোগবা

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ শেষ। আইভরি কোস্টের বিশ্বকাপ অভিযানেও ইতি। কিন্তু বিতর্ক থামেনি। বরং, ৯০ মিনিটের লড়াই শেষে নতুন করে উসকে উঠেছে। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে আফ্রিকার অন্যতম প্রতিনিধি (Norway vs Ivory Coast)। কিন্তু তা ভালভাবে মেনে নিতে রাজি নন অনেকেই। তাঁদের অন্যতম দিদিয়ের দ্রোগবা (Didier Drogba Controversy)। ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার। তাঁর অভিযোগ, দ্বিতীয়ার্ধে স্পষ্ট ফাউলের শিকার হননিকোলা পেপে। তবু রেফারি পেনাল্টি দেননি। ভিএআর-ও (VAR Penalty Decision) হস্তক্ষেপ করেনি। সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে (FIFA World Cup 2026)।

সামাজিক মাধ্যমে চেলসির প্রাক্তন স্ট্রাইকার লেখেন, ‘নিকোলা পেপের উপর ওই পেনাল্টিটা না দেওয়া লজ্জাজনক। উফ্! তাহলে ভিএআরের প্রয়োজন কী?’ তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক (Nicolas Pepe Penalty Foul)।

কোথায় আপত্তি? 

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে নরওয়ের পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকেন নিকোলা পেপে। সেই সময় তাঁকে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি তোলেন আইভরি কোস্টের ফুটবলাররা। পেনাল্টির আবেদন জানান। কিন্তু রেফারি আমল না দিয়ে খেলা চালানোর নির্দেশ দেন। ভিডিও সহকারী রেফারিও তাতে নাক গলাননি।

আইভরি কোস্টের ফুটবলারদের তীব্র আপত্তি সত্ত্বেও খেলা চলতে থাকে। ম্যাচ শেষে ওই ঘটনাই হয়ে ওঠে সবচেয়ে আলোচিত বিষয়। দ্রোগবার মতে, এমন পরিস্থিতিতেও যদি ভিএআর কোনও হস্তক্ষেপ না করে, তবে প্রযুক্তির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।

শেষ দিকে হালান্ডের আঘাত

এই ঘটনা বাদ দিলে লড়াই টানটান। দুই দলই টক্কর দিয়েছে সমান তালে। কিন্তু ৮৬ মিনিটে নায়ক আর্লিং হালান্ড। তাঁর গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে। শেষ আটে উঠে বিশ্বকাপ জার্নির আরও এক ধাপ এগিয়ে গেল ইউরোপের দলটি। এবার তাদের প্রতিপক্ষ ব্রাজিল। অন্যদিকে, খানিক তেতো মুখেই বিদায় নিতে হল আইভরি কোস্টকে।

ঐতিহাসিক ম্যাচ, তবু রয়ে গেল আক্ষেপ

আইভরি কোস্টের কাছে ম্যাচের গুরুত্ব ছিল আলাদা। দেশের ইতিহাসে এটাই তাদের বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম লড়াই। এমন ঐতিহাসিক দিনে কড়া চ্যালেঞ্জ ছুড়েও শেষ পর্যন্ত বিদায়। ম্যাচ যতই উত্তেজক হোক। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রেফারিং। বিশেষ করে নিকোলা পেপেকে ঘিরে বিতর্কিত সিদ্ধান্ত। দ্রোগবার সরাসরি প্রশ্ন—‘এমন পেনাল্টি না দিলে ভিএআরের দরকার কী?’ এই মন্তব্যের পর বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার এবং রেফারিদের সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়া স্বাভাবিক। চলতি বিশ্বকাপেই একাধিক ম্যাচে কখনও ফাউল দেওয়া, কখনও না দেওয়াকে কেন্দ্র করে আতসকাচের নীচে এসেছে ভিএআর। এবার সেই পর্যবেক্ষণ আরও নিবিড় হল বৈকী।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User