World Cup 2026: আর্জেন্তিনা ম্যাচের আগে বড় ধাক্কা! ধর্ষণের অভিযোগে বিদ্ধ কেপ ভার্দে অধিনায়ক, কী বলছে ফিফা?
আর্জেন্তিনা ম্যাচের আগে বড়সড় ধাক্কা কেপ ভার্দে শিবিরে। দলের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। নিউজিল্যান্ডে তদন্ত চলছে।
দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) ইতিহাস তৈরি করে নকআউটে পৌঁছেছে কেপ ভার্দে। কিন্তু আগামী ৪ জুলাই ভোরে লিওনেল মেসির আর্জেন্তিনার বিরুদ্ধে শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচের আগেই জমে উঠল বিতর্ক (Argentina vs Cape Verde)। ব্রাজিলীয় সংবাদমাধ্যম 'গ্লোবো'-র রিপোর্ট অনুযায়ী, ধর্ষণের অভিযোগে নাম জড়িয়েছে খোদ কেপ ভার্দে অধিনায়ক রায়ান মেন্ডেসের (Ryan Mendes Rape Allegation) । দলের এই ফরোয়ার্ডের বিরুদ্ধে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত (Ryan Mendes Rape Allegation)। অভিযোগ, গত মার্চ মাসে নিউজিল্যান্ডে আয়োজিত ফিফা সিরিজ চলাকালীন দলের এক অনুবাদককে যৌন হেনস্থা করেন মেন্ডেস।
এবারের বিশ্বকাপে কেপ ভার্দের তিনটি গ্রুপ ম্যাচেই মাঠে ছিলেন মেন্ডেস। গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বিরুদ্ধে এহেন মারাত্মক অভিযোগ আসরের অন্যতম চমক দেওয়া দলটির অন্দরে বড়সড় ধাক্কা দিয়েছে। যেহেতু ফরেন্সিক বিশ্লেষণ-সহ গোটা তদন্তপ্রক্রিয়া এখনও চলছে, তাই মেন্ডেসের বিরুদ্ধে এখনও অপরাধমূলক মামলা রুজু করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অকল্যান্ডের হোটেলে ঠিক কী ঘটেছিল?
গ্লোবো-র প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অভিযোগকারিণী আদতে একজন ব্রাজিলীয় মহিলা। মার্চ মাসে নিউজিল্যান্ডে ওই টুর্নামেন্ট চলাকালীন তিনি কেপ ভার্দে জাতীয় দলের হয়ে অনুবাদক হিসেবে কাজ করছিলেন। অভিযোগ, অকল্যান্ডের যে হোটেলে দল উঠেছিল, সেখানে তাঁর ঘরে জোর করে ঢুকে পড়েন মেন্ডেস। তারপর শারীরিক ও যৌন নির্যাতন চালান। ঘটনার পর ওই মহিলা দ্রুত স্থানীয় পুলিশ প্রশাসনকে সবকিছু জানালে তাঁর শারীরিক চিকিৎসাও হয়। গ্লোবো-র প্রতিবেদনমতে, পরীক্ষায় ওই মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। যৌনাঙ্গে ক্ষতের পাশাপাশি তাঁর স্তন, ঘাড় এবং ঠোঁটেও কালশিটে পড়ার প্রমাণ পাওয়া গিয়েছে। সেই আঘাতের ছবি ওই মহিলা নিউজিল্যান্ড পুলিশ এবং সংবাদমাধ্যম গ্লোবো-র হাতে তুলে দিয়েছেন।

World Cup 2026: ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে নেইমার, দিলেন আড়াই লক্ষ ডলার

World Cup 2026: শেষ মুহূর্তের গোলে বাজিমাত! দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোয় কানাডা
এখানেই শেষ নয়, রিপোর্টে আরও দাবি, অভিযোগকারিণী কেপ ভার্দে ফুটবল দলের সঙ্গে যুক্ত তিন আধিকারিককেও এই বিষয়ে অবগত করেন। কিন্তু তাঁদের তরফ থেকে তিনি নাকি কোনও উত্তর বা সাহায্য পাননি।
মুখে কুলুপ ফুটবল সংস্থার, কড়া বার্তা ফিফার
এত বড় অভিযোগ সামনে আসার পরেও কেপ ভার্দের ফুটবল প্রশাসন এখনও পর্যন্ত চুপ। প্রকাশ্যে টুঁ শব্দটিও করেনি। মার্কিন সংবাদমাধ্যম 'ইউএসএ টুডে' জানিয়েছে, এই বিষয়ে জাতীয় দলের কাছে মন্তব্য চাওয়া হয়। তাতে তারা কোনও সাড়া দেয়নি। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা রীতিমতো কড়া। ইউএসএ টুডে-তে প্রকাশিত ফিফার সেই বিবৃতিতে বলা হয়েছে, 'যে কোনও ধরনের অসদাচরণের অভিযোগ'-কে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। এর পাশাপাশি ফিফা এ-ও নিশ্চিত করেছে যে, নিউজিল্যান্ডের স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। তবে এর বাইরে এই তদন্ত নিয়ে আর কোনও মন্তব্য করতে তারা অপারগ। একদিকে যখন দল মুখে কুলুপ এঁটেছে, তখন ফিফার সোজাসাপটা বার্তা: গোটা পরিস্থিতির উপর তাদের কড়া নজর রয়েছে।
রূপকথার দৌড় বনাম আর্জেন্তিনা বাধা
মাঠের বাইরের বিতর্ক সরিয়ে রাখলে, চলতি বিশ্বকাপে কেপ ভার্দের পারফরম্যান্স চমকপ্রদ। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের মতো শক্তিশালী দলের সঙ্গে একই গ্রুপে ছিল ছোট্ট এই দ্বীপরাষ্ট্র। তবু ভড়কে না গিয়ে অভিজ্ঞ গোলকিপার ভোজিনহার নেতৃত্বে তারা নিজেদের সামর্থ্যের চেয়েও নজরকাড়া ফুটবল খেলছে। গোটা গ্রুপ পর্বে একটি ম্যাচেও না হেরে অপরাজিত থেকেই নকআউট পর্বে জায়গা করে নেয় কেপ ভার্দে। আগামী ৪ জুলাই, ভারতীয় সময় ভোর সাড়ে তিনটেয় প্রি-কোয়ার্টার ফাইনালের মহারণ। সামনে লিওনেল মেসির আর্জেন্তিনা।
এমন এক ঐতিহাসিক লড়াইয়ের আগে দলের অধিনায়কের বিরুদ্ধে ওঠা মারাত্মক অভিযোগ সেই রূপকথার মোড়কে বড়সড় কালির ছিটে লাগিয়ে দিল। এখন দেখার, এই ডামাডোল সামলে আর্জেন্তিনার বিরুদ্ধে মাঠে নেমে কেপ ভার্দে তাদের স্বপ্নের দৌড় অব্যাহত রাখতে পারে কি না।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)